ওয়াশিংটন, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-বিশ্বে ইসলামি জঙ্গিবাদের সবচেয়ে শক্তিশালী প্রতীক ওসামা বিন লাদেনকে আরব সাগরে সমাহিত করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র সেনাবাহিনী।
মাথায় ও বুকে গুলিবিদ্ধ হয়ে নিহত ৫৪ বছর বয়ষ্ক বিন লাদেনের লাশ সমাহিত করার আগে মুসলিম ধর্মীয় রীতি অনুযায়ী গোসল করানো হয় এবং তার নামাজে জানাজা হয় বলে তারা নিশ্চিত করেছে।
লাদেনের শেষকৃত্যানুষ্ঠান হয় আরব সাগরে ভাসমান যুক্তরাষ্ট্রের বিমানবাহী জাহাজ কার্ল ভিনসনে।
এরপর কাফনে আবৃত বিন লাদেনের দেহ একটি ভারী ব্যাগে ভরে উত্তর আরব সাগরে ভাসিয়ে দেওয়া হয়।
ওসামা বিন লাদেনের সমাধিস্থল 'সন্ত্রাসীদের তীর্থস্থল' হয়ে উঠুক- তা চায়নি যুক্তরাষ্ট্র। এ কারণে তার মরদেহ সাগরে সমাহিত করা হয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি লিখেছে, আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন পাকিস্তানে নিহত হওয়ার পর তার মরদেহ প্রথমে আফগানিস্তানে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে সাগরে দাফন করা হয়।
এদিকে, বিন লাদেনের মরদেহ সাগরে 'সমাহিত' করার সমালোচনা করেছেন কয়েকজন মুসলিম ধর্মীয় নেতা। তারা জানতে চেয়েছেন, ওসামা বিন লাদেনকে সমাহিত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ইসলামি রীতিনীতি ঠিকমতো পালন করেছিল কিনা।
তারা বলেছেন, একমাত্র বিশেষ পরিস্থিতিতে অর্থাৎ দূর সাগরে ভ্রমণরত অবস্থায় মারা গেলে সাগরে সমাহিত করা যেতে পারে। কিন্তু লাদেনকে মারা হয়েছে পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি বাড়িতে। সেক্ষেত্রে তাকে সাগরে সমাহিত করা ইসলামি বিধি সম্মত নয়।
বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, সাগরে সামাহিত করার বিষয়ে মুসলিম ধর্মীয় নেতারা আপত্তি তোলায় বিশ্বব্যাপী মুসলমানদের মধ্যে যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাব ছড়িয়ে পড়তে পারে।
রোববার রাতে ইসলামাবাদে মার্কিন বাহিনীর অভিযানে লাদেন নিহত হওয়ার খবরে বিশ্বব্যাপী তোলপাড় শুরু হয়। এ খবরের সত্যতা নিশ্চিত করতে বাংলাদেশ সময় সোমবার সকালে টেলিভিশনে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
ওসামা বিন লাদেনের মরদেহের 'ভাগ্যে' কী ঘটবে- তাৎক্ষণিকভাবে এ প্রশ্ন ওঠার পর যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছিলেন, ইসলামি রীতি অনুযায়ীই তাকে দাফন করা হবে।
কিন্তু এতো অল্প সময়ের মধ্যে মরদেহ সমাহিত করা হলে লাদেনের মৃত্যু নিয়েই যে সন্দেহ তৈরি হতে পারে- এ বিষয়টিও জানা ছিলো তাদের।
এ কারণে 'মৃত্যুর পর যতো দ্রুত সম্ভব দাফন' করার ইসলামি বিধানের উদ্ধৃতি টানছেন তারা, বলছেন- কাউকে সাগরে 'দাফন' করার ঘটনা বিরল হলেও ইসলামি রীতির পরিপন্থী নয়।
কয়েকটি ইসলামি ওয়েবসাইটের বরাত দিয়ে গার্ডিয়ান লিখেছে, বিশেষ পরিস্থিতিতে মুসলিমদের মরদেহ সাগরে 'দাফন' করার বিধান রয়েছে। যেমন সমুদ্রে দীর্ঘ যাত্রায় কেউ মারা গেলে অথবা শত্রুপক্ষ কবর থেকে লাশ তুলে নিতে পারে- এমন আশঙ্কা থাকলে অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে সাগরে 'দাফন' করা যেতে পারে।
বিন লাদেনের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র একই যুক্তি দেখাতে পারে বলে গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/জেকে/এবি/সিআর/১৪০০ ঘ.
bdnews24