২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যেভাবে মারা পড়লেন ওসামা

ইসলামাবাদে পাকিস্তানি সেনাবাহিনীর বিশেষ একটি প্রশিক্ষণ কেন্দ্রের ২ হাজার ৪০০ ফুট দূরত্বে লুকিয়ে ছিলেন ওসামা বিন লাদেন। সেখানেই একটি ভবনে রোববার রাতে মার্কিন সেনাবাহিনীর ছোট্ট একটি দলের অভিযানে নিহত হন আল কায়েদার শীর্ষ নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2011, 08:51 AM

Updated : 24 Aug 2022, 02:59 PM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামাবাদে পাকিস্তানি সেনাবাহিনীর বিশেষ একটি প্রশিক্ষণ কেন্দ্রের ২ হাজার ৪০০ ফুট দূরত্বে লুকিয়ে ছিলেন ওসামা বিন লাদেন। সেখানেই একটি ভবনে রোববার রাতে মার্কিন সেনাবাহিনীর ছোট্ট একটি দলের অভিযানে নিহত হন আল কায়েদার শীর্ষ নেতা। পাকিস্তানের ওই প্রশিক্ষণ কেন্দ্রটিকে ব্রিটেনের সান্ডহার্স্ট সেনা প্রশিক্ষণ কেন্দ্রের সমপর্যায়ের বিবেচনা করা হয় বলে বিবিসি জানিয়েছে। রাজধানী ইসলামাবাদের উত্তরাঞ্চলে আবোতাবাদ ক্যান্টনমেন্টের ভেতরেই এর অবস্থান। এলাকাটিতে প্রচুর সেনা ও অনেকগুলো চেকপয়েন্ট রয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানায়, পাকিস্তানের স্থানীয় সময় রোববার রাত ১০টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় সাড়ে ১১টা) এ অভিযান শুরু হয়। মাত্র ৪৫ মিনিনটের অভিযানেই মারা পড়েন ওসামা, যাকে গত ১০ বছর ধরে তন্নতন্ন করে খুঁজছিলো যুক্তরাষ্ট্র। খুব স্বল্প উচ্চতা দিয়ে দুই থেকে তিনটি হেলিকপ্টার উড়ে যাওয়ার এলাকাবাসীরা কিছুটা আতঙ্কিত বোধ করেন। ক্যান্টনমেন্ট এলাকার ভেতরেই একটি বড় তিনতলা ভবন ছিলো অভিযানের লক্ষ্য। ভবনটির বাইরে হেলিকপ্টারগুলো অবতরণ করে। হেলিকপ্টার থেকে নেমে সেনারা পশতু ভাষায় স্থানীয়দের সঙ্গে কথাও বলেন। এরপর আশপাশের এলাকায় অবস্থানকারী মানুষদের বাতি নিভিয়ে ঘরের ভেতরেই থাকতে বলা হয়। কিছুক্ষণ পরই শুরু হয় গোলাগুলি। গোলাগুলির সময় স্থানীয়রা একটি হেলিকপ্টারে আগুন লাগতে দেখেছেন। প্রায় ৯ হাজার বর্গফুট জমির ওপর ওই তিনতলা ভবনটির অবস্থান। কিন্তু চতুর্দিকে ১৪ ফুট উঁচু দেওয়াল থাকায় বাইরে থেকে ভেতরের ঘটনা ভালোভাবে দেখা যায়নি। দেয়ালের ওপর কাঁটাতারের বেড়া ও বিভিন্ন পয়েন্টে ক্যামেরা লাগানো ছিলো। ওই বাড়িতে প্রবেশে দুটি ফটক ছিলো। তবে টেলিফোন বা ইন্টারনেটের কোনো সংযোগ ছিলো না। প্রত্যক্ষদর্শীরা জানায়, অভিযান শেষে সেনাদের ওই চত্বর থেকে বেরিয়ে আসতে দেখা যায়। এ সময় তারা অন্য কাউকে নিয়ে আসছিলো কি না, তা বোঝা যায়নি। তবে নারী ও শিশুরাও ওই ভবনে ছিলো বলে স্থানীয়রা জানায়। একজন পশতু ১০ থেকে ১২ বছর আগে ওই বাড়ি নির্মাণ করেন। সেখানে কে বা কারা বসবাস করছে, সে বিষয়ে স্থানীয়দের কোনো ধারণাই ছিলো না। অভিযান শেষে পাকিস্তানি সেনারা সেখানে যায় এবং ওই অঞ্চলটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এমআই/১৪২৮ ঘ.