২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পকে নিয়ে কৌতুক করলেন ওবামা

ওবামা আমেরিকায় জন্মাননি- সম্প্রতি এ বিতর্ক তুলে আলোচনার মধ্যমণি বনে যাওয়া আবাসন ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্পকে উপহাস করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2011, 01:35 PM

Updated : 24 Aug 2022, 02:59 PM

ওয়াশিংটন, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ওবামা আমেরিকায় জন্মাননি- সম্প্রতি এ বিতর্ক তুলে আলোচনার মধ্যমণি বনে যাওয়া আবাসন ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্পকে উপহাস করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ট্রাম্প ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন লাভের জন্য লড়বেন বলে গুঞ্জন রয়েছে। শনিবার রাতে বিভিন্ন সংবাদ মাধ্যমের হোয়াইট হাউস প্রতিনিধিদের সম্মানে আয়োজিত বার্ষিক ভোজসভায় ওবামা বলেন, "ডোনাল্ড ট্রাম্প এখানে আছেন। পরে হলেও তিনি কিছু বোমা ফাটিয়েছেন। তবে জন্মসনদ বিতর্কটির অবসান হওয়ায় ডোনাল্ডের চেয়ে কেউ বেশি সন্তুষ্ট বা গর্বিত হননি।" "এখন তিনি আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর জোর দিতে পারবেন। যেমন, চাঁদে অবতরণের ব্যাপারটা কি বানোয়াট? রসওয়েলে সত্যি কী ঘটেছিলো? এবং বিগি ও টুপ্যাক এখন কোথায় আছে?" ১৯৬৯ সালে চাঁদে অবতরণ করেন নীল আর্মস্ট্রং। ১৯৪৭ সালে নিউ মেক্সিকোর রসওয়েলে ইউএফও মহাকাশযান বিধ্বস্ত হওয়া নিয়ে নানা গুজব প্রচলিত রয়েছে। ১৯৯৬ সালের সেপ্টেম্বরে লাস ভেগাসে র‌্যাপ সঙ্গীতের জনপ্রিয় শিল্পী টুপ্যাক শাকুরের গুলিবিদ্ধ হওয়া এবং ১৯৯৭ সালের ৯ মার্চ লস এঞ্জেলসে আততায়ীর গুলিতে র‌্যাপ সঙ্গীতের আরেক শিল্পী বিগি স্মলসের মৃত্যু নিয়েও মার্কিনীদের মধ্যে রয়েছে নানা গুঞ্জন। ওয়াশিংটন হিল্টন বলরুমে আয়োজত ওই ভোজসভায় যুক্তরাষ্ট্রের শীর্ষ রাজনীতিক ও বিভিন্ন ক্ষেত্রে জনপ্রিয় তারকাসহ প্রায় আড়াই হাজার অতিথি ছিলেন। আবাসন নির্মাতা প্রতিষ্ঠানের মালিক ডোনাল্ড ট্রাম্প ওবামার জন্ম বিতর্ক জনসমক্ষে আনায় বুধবার পূর্ণাঙ্গ জন্মসনদ প্রকাশ করে হোয়াইট হাউস। সমালোচকদের অভিযোগের মুখে এর আগে ২০০৮ সালে একবার নিজের সংক্ষিপ্ত জন্মসনদ প্রকাশ করেন ওবামা। ওবামা পিতৃভূমি কেনিয়ায় জন্মেছেন এবং তার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা নেই- তখন এমন দাবি করেছিলেন সমালোচকরা। সংক্ষিপ্ত ওই সনদে বলা হয়, ওবামা ১৯৬১ সালের ৪ অগাস্ট হাওয়াইয়ের হনলুলুতে জন্ম নেন। তার বাবা ছিলেন কেনিয়ান এবং মা ছিলেন কানসাসের। বুধবার প্রকাশিত সনদটি আগে প্রকাশ করা প্রমাণপত্রের তথ্যকেই বিস্তারিত তুলে ধরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/১৯২৫ ঘ.