তেহরান, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-জার্মানিতে আটক তেল বিক্রির কিছু তহবিল মুক্ত করতে সক্ষম হয়েছে ইরান। ইরানের কাছ থেকে তেল কেনা বাবদ ভারত ওই অর্থ পরিশোধ করেছিল।
ইরানের আধা-স্বায়ত্বশাসিত সংবাদ সংস্থা মেহার-এর একটি প্রতিবেদন থেকে এ সংবাদ জানা গেছে বলে জানিয়েছে রয়টার্স।
"যখন ইরান কোন দেশের কাছে নিজের তেল বিক্রি করে তখন তার মূল্য গ্রহণ করার সামর্থ্যও তাকে অর্জন করতে হবে", ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মাহমুদ বাহ্মানি কে উদ্ধৃত করে জানিয়েছে মেহার।
"এই তেল লেনদেনের একটির সাথে ভারত জড়িত, যাকে ইরানের তেলের মূল্য পরিশোধ করতে হয়েছিল [...] কিন্তু জার্মানি ওই টাকা আটকে রাখে। আটক ওই টাকার কিছু অংশ মুক্ত করা হয়েছে। ভবিষ্যতে বাকিটাও মুক্ত করা হবে", বলেন বাহ্মানি।
তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি তিনি।
গত ডিসেম্বরে ভারতীয় রিজার্ভ ব্যাংক জানিয়েছিল, ইরানের পাওনা তেলের মূল্য পরিশোধের বিষয়টি আঞ্চলিক কেন্দ্রীয় ব্যাংক পরিচালিত কোন দীর্ঘ মেয়াদী ক্লিয়ারিং হাউস পদ্ধতির মাধ্যমে এখনই নিষ্পত্তি করা যাচ্ছে না।
যুক্তরাষ্ট্র ভারতের ওই পদক্ষেপের প্রশংসা করেছিল। কারণ ইরানের পারমাণবিক প্রকল্পের কারণে যুক্তরাষ্ট্র চাচ্ছিল বিশ্বের সরকারগুলো যেন ইরানের সাথে সব ধরনের লেনদেন বন্ধ করে দেয়।
পারমাণবিক প্রকল্পের কারণে ইরান এরই মধ্যে জাতিসংঘের নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে। তবে এ নিষেধাজ্ঞার আওতায় ইরান থেকে অপরিশোধিত তেল ক্রয়ে বাধা না থাকলেও বিশ্বের বিভিন্ন সরকার ও কোম্পানিকে ইরানের সাথে কোন ধরনের লেনদেন না করার জন্য যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ করছে।
মার্চে ইউরোপিয়ান-ইরানিয়ান বাণিজ্য ব্যাংকের মাধ্যমে ইরানের পাওনা পরিশোধের উপায় স্থির করতে ভারতকে সাহায্য করার আগ্রহ প্রকাশ করে জার্মানি।
কিন্তু পরবর্তী সময়ে জার্মানি ঘোষণা করে, ওই ব্যাংকের মাধ্যমে টাকা হস্তান্তর স্থগিত করা হয়েছে।
এই পদক্ষেপের ব্যাপারে ভারতীয় সরকার জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সাথে কথা বলে।
এপ্রিলের প্রথমদিকে এক জার্মান কর্মকর্তা জানান আলোচনার পর ভারত জানিয়েছে, ইরানকে তেলের মূল্য পরিশোধে নতুন একটি পদ্ধতি ঠিক করছে ভারত।
ইরানি তেল ক্রয়ে ভারত বছরে প্রায় ১ হাজার ২৭৭ কোটি ডলার ব্যয় করে।
যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইউরোপীয় ইউনিয়ন সন্দেহ করছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে।
ইরান বরাবর এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, শান্তিপূর্ণ উদ্দেশ্যেই তারা পরমাণু কর্মসূচি পরিচালনা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এবি/সিআর/১৫৫১ ঘ.
bdnews24