কাম্পালা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উগান্ডার বিরোধীদলীয় নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে চলা বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে দুজন নিহত ও কমপক্ষে ৯০ জন আহত হয়েছেন।
এছাড়া বিক্ষোভে জড়িত ৩শ' ৬০ জনকে আটক করা হয়েছে বলেও স্বরাষ্ট্রমন্ত্রী কিরুন্দা কিভেজিঞ্জা এক সংবাদ সম্মেলনে জানান।
বিরোধী দলীয় নেতা কিজা বেসিজ্ঞেকে গ্রেপ্তারের প্রতিবাদে শুক্রবার রাজধানী কাম্পালায় বিক্ষোভ করে সরকারবিরোধীরা। এ সময় তাদের লক্ষ করে গুলি ও কাঁদুনে গ্যাস ছোঁড়ে পুলিশ। এতে হতাহতের ঘটনা ঘটে।
উগান্ডার পুলিশ দুজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছে। আর রেডক্রস জানিয়েছে, দু'বছর বয়সী এক শিশুসহ গুলিবিদ্ধ ১১ জন হাসপাতালে চিকিৎসাধীন।
নাকাসেরা মার্কেটে পুলিশের হাত থেকে পালানোর সময় এক ব্যক্তি চিৎকার করতে করতে বলেন, "কিজা নিরাপদ না হওয়া পর্যন্ত কাম্পালার অবস্থা প্রতিদিন এমনই হবে।"
বিক্ষোভকারীরা কাম্পালার বিভিন্ন স্থানসহ আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথ অবরোধ করলে তাদের লক্ষ করে রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছোঁড়ে পুলিশ।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে চলা বিক্ষোভে তেমন আমলে নেয়নি সরকার। আর তাই কিজাকে গ্রেপ্তারের বিষয়টি জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে।
খাদ্য ও জ্বালানির উচ্চমূল্যের বিরুদ্ধে বিক্ষোভ করার সময় বৃহস্পতিবার কিজাকে গ্রেপ্তার করা হয়। চলতি মাসে এ নিয়ে চতুর্থবারের মতো গ্রেপ্তার হলেন তিনি।
গ্রেপ্তারের পর অবশ্য জামিনে মুক্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য কিজা কেনিয়া গেছেন।
টেলিভিশন ফুটেজে দেখা যায়, গ্রেপ্তারের পর তাকে মারধর ও বারবার তার চোখে মরিচের গুঁড়া লাগিয়ে দেওয়া হচ্ছে। এরপর তাকে পুলিশের গাড়িতে তোলা হয়।
কিজা দেখতে পাচ্ছেন না- আইনজীবী এমন তথ্য দেওয়ার পর চিকিৎসার জন্য তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। এরপর শুক্রবার সন্ধ্যায় তিনি কেনিয়া পৌঁছান।
কিজার দলের এক কর্মকর্তা জানান, বিরোধী দলীয় এ নেতা কেনিয়া থেকে পালিয়ে যাচ্ছেন না। আর সুস্থ হয়ে উঠলে সোমবার উগান্ডার এক আদালতে হাজিরা দেওয়ার জন্য কিজা দেশে ফিরবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪৫১ ঘ.
bdnews24