বার্লিন, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আল কায়েদার সন্দেহভাজন তিন সদস্যকে শুক্রবার গ্রেপ্তার করেছে জার্মান পুলিশ।
নিরাপত্তারক্ষীদের উদ্ধৃতি দিয়ে বিল্ড সংবাদপত্র জানায়, ডিউশেলডোরফ ও বোচাম এলাকা থেকে আল কায়েদা সদস্য সন্দেহে মরক্কো বংশোদ্ভূত ৩ জার্মান নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলেও সংবাদপত্রটি জানায়।
এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী হ্যান্স-পিটার ফ্রেডরিক বলেন, "নিশ্চিতভাবেই সম্ভাব্য একটি বিপদ এড়াতে সফল হয়েছি আমরা। আন্তর্জাতিক সন্ত্রাসীদের বিষয়ে জার্মানির যাচাই বাছাই চালিয়ে যাওয়া ও সতর্ক থাকা প্রয়োজন এ ঘটনা তাই প্রমাণ করে।"
বিল্ড জানায়, এ তিন ব্যক্তির মোবাইল ফোন ও কম্পিউটার পর্যবেক্ষণ করে সন্দেহের সৃষ্টি হওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়।
এদিকে জার্মান টেলিভিশন স্টেশন জেডডিএফ জানায়, আটককৃত তিনজনই জার্মানির নাগরিক। এদের মধ্যে একজন বিদেশে প্রশিক্ষণ নিয়েছেন।
বৃহস্পতিবার মরক্কোর মারাকেশ শহরের এক ক্যাফেতে বোমা বিস্ফোরণের ঘটনায় এরা জড়িত কিনা এ বিষয়টি নিশ্চিত করতে পারেনি পুলিশ।
মরক্কোয় ওই বোমা বিস্ফোরণে ১৫ জন মারা যায়।
বেশ কয়েকবছর ধরে ইউরোপীয় দেশগুলো জঙ্গি হামলার হুমকির মুখে রয়েছে।
ইসলামিক ওয়েবসাইটগুলোর হুমকির অন্যতম লক্ষ্য হলো জার্মানি। আর দেশটিতে জঙ্গিদের আস্তানা থাকতে পারে বলেও নিরাপত্তা রক্ষীরা সতর্ক করে দিয়েছে।
প্রসঙ্গত, জার্মানির প্রায় ৫ হাজার সেনা আফগানিস্তানে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২৩৭ ঘ.
bdnews24