দামেস্ক, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সিরিয়ায় বিক্ষোভ-সংঘর্ষ চলছে। শুক্রবার দেরা শহর অভিমুখে অগ্রসরমান হাজার হাজার বিক্ষোভকারীর ওপর গুলি চালিয়েছে পুলিশ।
এতে বেশ কিছু সংখ্যক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। সামরিক বাহিনীর উপস্থিতি উপেক্ষা করে বিক্ষোভ করছে জনতা।
শুক্রবার জুমার নামাজের পর দেশজুড়ে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমে আসার পর সহিংসতা শুরু হয়।
সিরিয়া সরকারের কঠোর দমনাভিযানের তোয়াক্কা না করে দেরা, দামেস্ক, হোমস, লাটাকিয়া, হামা, বানিয়াস, কামিশলি, হারাসতাসহ বিভিন্ন শহরের রাস্তায় নামে বিক্ষোভকারীরা। দেরায় বিক্ষোভকারীদের ওপর গুলি ছোড়ে নিরাপত্তা বাহিনী।
দেরায় একজন নিহত হওয়ার কথা জানিয়েছে এক অধিবাসী। ওদিকে, ইনসান মানবাধিকার গ্রুপের পরিচালক ওয়াসিম তারিফ জানান, লাটাকিয়ায় ২ জন নিহত হয়েছে। তবে এ খবর তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায় নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২১৩ ঘ.
bdnews24