২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধবিমান ক্রয়ে মার্কিন কোম্পানির চুক্তি নাকচ করেছে ভারত

মার্কিন কোম্পানি থেকে যুদ্ধবিমান ক্রয়ের চুক্তি নাকচ করেছে ভারত। এর স্থলে ইউরোপের দুটি কোম্পানিকে তালিকাভুক্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2011, 09:13 AM

Updated : 24 Aug 2022, 02:58 PM

নয়া দিল্লি, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন কোম্পানি থেকে যুদ্ধবিমান ক্রয়ের চুক্তি নাকচ করেছে ভারত। এর স্থলে ইউরোপের দুটি কোম্পানিকে তালিকাভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার ১১ বিলিয়ন ডলারের এই চুক্তি প্রত্যাখ্যান করায় যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্কে টানাপোড়েন তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কাকতালীয়ভাবে মার্কিন জঙ্গি বিমান সরবরাহকারীদের বাদ দেওয়ার ঘটনার সাথে ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত টিমোথি রোয়েমারও পদত্যাগপত্র দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিরক্ষামন্ত্রী বিমানসংখ্যা ছয়টি থেকে দুটি কমিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র রয়টার্সকে জানিয়েছে, মার্কিন কোম্পানি লকহিড মার্টিনের তৈরি এফ-১৬ এবং বোয়িংয়ের তৈরি এফ/এ-১৮ বিমানগুলো ভারতীয় বিমান বাহিনীর কারিগরি চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টিমোথি রোয়েমার জানিয়েছে, "এ ঘটনায় যুক্তরাষ্ট্র ভীষণ মর্মাহত"। কিন্তু এ ঘটনার সাথে রোয়েমারের পদত্যাগের কোনো সম্পর্ক রয়েছে কি না তা স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের দূতাবাস রোয়েমারের পদত্যাগের কারণ হিসেবে জানিয়েছে, 'ব্যক্তিগত, পেশাদারিত্ব এবং পারিবারিক' কারণে তিনি পদত্যাগ করছেন। লকহিড মার্টিন এবং বোয়িং পেন্টাগনে বিমান সরবরাহকারী দুটি নামকরা কোম্পানি। চুক্তি প্রত্যাখ্যানের খবরে কোম্পানি দুটি জানিয়েছে, তারা ভারতীয় বাজারে এ বিমান বিক্রির চেষ্টা চালিয়ে যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/সিআর/১৫০৭ ঘ.