ত্রিপোলি, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব লিবিয়ার আর্থিক সংকট দূর করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ বুধবার লিবিয়ার বেনগাজি ভিত্তিক সরকার বিরোধী পরিষদের সাথে তেলচুক্তি অনুমোদন করেছে।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের এই অনুমোদনের ফলে লিবিয়ার পূর্বাঞ্চলের ওপর বাণিজ্যনিষেধাজ্ঞা জনিত বাধা দূর হল। এতে লিবিয়ার পূর্বাঞ্চলের তেলখনিগুলোর ওপর সরকার বিরোধী পরিষদের মালিকানাও স্বীকৃত হল।
গত ফেব্রুয়ারিতে সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর গাদ্দাফি সরকারের অনুগত বাহিনী নির্মম দমনপীড়ন চালানো শুরু করলে যুক্তরাষ্ট্র লিবিয়ার ওপর রাজনৈতিক ও বাণিজ্যিক অবরোধ জারি করে।
লিবিয়ার পূর্বাঞ্চলের অধিকৃত এলাকাগুলোর আর্থিক প্রয়োজন মেটাতে ব্যর্থ হচ্ছিল বিদ্রোহীদের সম্মিলিত সরকার বিরোধী পরিষদ। এ উদ্যেগের মাধ্যমে অর্থসংকটে ভুগতে থাকা বেনগাজি ভিত্তিক লিবিয়ার সরকার বিরোধী পরিষদকে যুক্তরাষ্ট্র আশ্বস্ত করল।
লিবিয়ার পূর্বাঞ্চলের খনিগুলোর তেল বিক্রির মাধ্যমে প্রয়োজনীয় অর্থের যোগান পাবে সরকার বিরোধী পরিষদ।
বিদ্রোহী অধিকৃত লিবিয়ার পূর্বাঞ্চল থেকে ৮০ হাজার টন অপরিশোধিত তেল নিয়ে বৃহস্পতিবার একটি ট্যাংকার সিঙ্গাপুর পৌছানোর কথা রয়েছে।
তবে তেল ব্যবসায়ীরা রয়টার্সকে জানিয়েছেন বিদ্রোহীদের তেল কেনার জন্য সরাসরি কোনো ক্রেতা খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ তেলের মালিকানার বৈধতা প্রশ্নে তেল ব্যবসায়ীরা অনিশ্চয়তায় ভুগছে।
যুক্তরাষ্ট্র যখন বিদ্রোহীদের আর্থিক সমস্যা সমাধানের উদ্যোগ নিচ্ছে, তখন লিবিয়ার পশ্চিমে গাদ্দাফি অনুগত বাহিনী বিদ্রোহীদের দখলে থাকা ছোট ছোট শহরগুলোতে প্রবল গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে।
মিসরাতা বন্দর মুক্ত করতে ন্যাটো বিমান গাদ্দাফি বাহিনীর অবস্থানের ওপর হামলা চালায়। এর পরপরই গাদ্দাফি বাহিনী মিসরাতা ও জিনতান শহর লক্ষ করে রাশিয়ার তৈরি গ্রাড রকেট নিক্ষেপ করছে বলে জানিয়েছে বিদ্রোহীরা।
গ্রাড রকেট বেসামরিক এলাকায় ব্যাবহার করা উচিত নয় বলে জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো।
বিদ্রোহীরা জিনতানে গাদ্দাফি বাহিনীর একটি রকেট নিক্ষেপক পোস্ট ধ্বংস করেছে বলে রয়টার্সকে জানিয়েছেন বিদ্রোহীদের এক মুখপাত্র।
বিদ্রোহীরা গাদ্দাফি বাহিনীর তিনটি ট্যাংক ধ্বংস ও দুটি ট্যাংক দখল করেছে বলে জানান আবদুল রহমান নামের ওই মুখপাত্র।
পশ্চিম লিবিয়ার দূরবর্তী এলাকাগুলোতেও গোলাবর্ষণ করছে গাদ্দাফি বাহিনী।
বেনগাজিতে এক সংবাদ সম্মেলনে সরকারবিরোধী জাতীয় পরিষদের প্রবীণ নেতা আব্দেল হাফিজ ঘোগা জানান, পশ্চিমের পার্বত্যাঞ্চলীয় ইয়েফরিন, জিনতান ও কাবাউ শহরে গাদ্দাফি বাহিনীর বেপরোয়া গোলাবর্ষণে সেখানকার সাধারণ অধিবাসীরা নিহত হচ্ছে।
শহরগুলোর অধিবাসীরা জানিয়েছেন, গাদ্দাফি বাহিনী তাদের শহরগুলো ঘেরাও করে অবরুদ্ধ করেছে। খাবার, জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় রসদ সরবরাহ বন্ধ করে দিয়েছে। ফলে শহরবাসী মানবিক বিপর্যয়ের শিকার হতে যাচ্ছে।
জাতিসংঘের যুদ্ধাপরাধ সংক্রান্ত একটি তদন্ত দল এখন লিবিয়ায় আছে। তারা গাদ্দাফি বাহিনী, বিদ্রোহী ও ন্যাটো বাহিনীর কথিত যুদ্ধাপরাধের অভিযোগগুলো তদন্ত করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৪৯ ঘ.
bdnews24