আবিদজান, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আইভরি কোস্টের এক বিদ্রোহী নেতা বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এ খবর নিশ্চিত করেন।
মুখপাত্র ক্যাপ্টেন আলা কোউআকোউ জানান, তথাকথিত 'ইনভিজিবল কমান্ডোজ' সংগঠনের নেতা ইব্রাহিম কুলিবালি বুধবার এক সংঘর্ষে নিহত হন।
নির্বাচন পরবর্তী সংঘাতের সময় রাজধানী আবিদজানের বেশকিছু অংশের নিয়ন্ত্রণ নিতে ওয়াত্তারাকে সাহায্য করে এ সংগঠনটি।
তবে এরপর ওয়াত্তারার পক্ষ ত্যাগ করে সংগঠনটি। সরকারের পক্ষ থেকে তাকে অস্ত্র সমর্পণের আহ্বান জানানো হলে কুলিবালি তা প্রত্যাখ্যান করেন।
বুধবার নিরাপত্তা বাহিনীর সাথে ইনভিজিবল কমান্ডোদের মধ্যে তুমুল লড়াই হয়। এতে তিনি নিহত হন।
প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, কুলিবালির ঘাঁটি দখলের পর তার লাশ পাওয়া যায়।
বাগবোকে উৎখাতে নিজের বাহিনীর অবদানের স্বীকৃতি চেয়েছিলেন কুলিবালি। তবে তার আগে অস্ত্র সমর্পণে সরকারি আদেশ মানতে চাননি তিনি।
এর পরিপ্রেক্ষিতে কুলিবালি ও তার বাহিনীকে উৎখাতের লক্ষ্যে আবিদজানের উত্তরাঞ্চলের আবোবোতে আক্রমণ চালায় সরকারি বাহিনী।
মুখপাত্র কোউআকোউ আরো জানান, সংঘর্ষে সরকারি বাহিনীর দু'জন এবং কুলিবালি বাহিনীর ছয় জন নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১২৪৪ ঘ.
bdnews24