সানা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইয়েমেনে বুধবার বিক্ষোভ আরো জোরদার হয়েছে। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেছে লাখো বিক্ষোভকারী। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে অন্তত এক বিক্ষোভকারী ও দুই সেনা।
হাসপাতাল ও স্থানীয় কর্মকর্তারা নিহতের এ সংখ্যা জানিয়েছে।
সরকারি কর্মকর্তারা জানায়, এডেন বন্দরনগরীতে সংঘর্ষ হয়েছে। এ সময় তরুণ বিক্ষোভকারীরা স্কুল-কলেজ অভিমুখী রাস্তায় টায়ার জ্বালিয়ে এবং স্তুুপাকারে পাথর জড়ো করে সাধারণ ধর্মঘট করার চেষ্টা চালায়।
হাসপাতালের এক ডাক্তার রয়টার্সকে জানান, একজন বিক্ষোভকারী নিহত হয়েছে এবং গুলিতে আহত আরো তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় ওই কর্মকর্তা গুলিতে দু'জন সেনাও নিহত হয়েছে বলে জানান। এর মধ্য দিয়ে বিক্ষোভকারীদেরও কারো কারো হাতে অস্ত্র থাকার ইঙ্গিত দেন তিনি।
তবে বিক্ষোভকারীরা বন্দুকধারীদের সঙ্গে তাদের কোনো সংশ্রব থাকার কথা অস্বীকার করে বলেছে, পুলিশের সঙ্গে গুলিবিনিময়ে লিপ্ত সশস্ত্র ব্যক্তিদের সঙ্গে শান্তিপূর্ণ এ বিক্ষোভের কোনো সম্পর্ক নেই।
এডেন নগরীর আশেপাশে এখনো গুলির শব্দ শোনা যাচ্ছে বলে জানিয়েছেন রয়টার্সের সাংবাদিকরা। ওদিকে, হুদাইদা নগরীতেও বড় ধরনের বিক্ষোভ হয়েছে।
বিক্ষোভকারীরা মিছিলে জনতার ওপর অস্ত্রের ব্যবহার বন্ধের দাবিতে লেখা ব্যানার হাতে বিক্ষোভ করেছে। অবিলম্বে প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ'র পদত্যাগের দাবিতেও স্লোগান দেয় তারা।
এর আগে সোমবার তিজ শহরে নিরাপত্তা বাহিনীর সহিংসতায় অন্তত ১০ জন আহত হয়। নিরাপত্তা বাহিনী সব দিক থেকে প্রচণ্ড গুলিবর্ষণ করে। একই ধরনের সংঘর্ষ হয় ইব শহরেও। সেখানে তিনজন গুলিবিদ্ধ হয় এবং পুলিশের লাঠিচার্জে ৪ জন আহত হয়।
ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ আরব পরিকল্পনা মেনে পদত্যাগ করতে রাজি হলেও বিরোধীরা ওই পরিকল্পনা প্রত্যাখ্যান করে অবিলম্বে সালেহ'র পদত্যাগের দাবিতে জোর আন্দোলনে নেমেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৪১ ঘ.
bdnews24