২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেল-পানির লক্ষ্যেই লিবিয়ায় পশ্চিমাদের হামলা : শ্যাভেজ

লিবিয়ার তেল ও পানি নিতেই পশ্চিমারা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2011, 09:22 AM

Updated : 24 Aug 2022, 02:58 PM

কারাকাস, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার তেল ও পানি নিতেই পশ্চিমারা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মঙ্গলবার শ্রমজীবীদের উদ্দেশ্যে বক্তৃতাকালে শ্যাভেজ একথা বলেন। এ সময় লিবিয়ার গৃহযুদ্ধের সম্ভাব্য শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে আলোচনার জন্য লিবিয়ার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ভেনেজুয়েলায় অবস্থান করছে বলে জানান তিনি। প্রতিনিধি দলটি শ্যাভেজের সাথে আলোচনা করবে। লিবিয়ায় পশ্চিমা জোটের অভিযানের একজন কট্টর বিরোধিতাকারী হুগো শ্যাভেজ। তিনি লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফির একজন ঘনিষ্ঠ মিত্র। গত মাসে গৃহযুদ্ধ বন্ধে বিদ্রোহী ও লিবীয় সরকারের মধ্যে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন শ্যাভেজ। লিবিয়ায় ন্যাটোর হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে শ্যাভেজ প্রশ্ন রাখেন, "কে তাদের এই হামলা চালানোর অধিকার দিয়েছে? এটি উন্মাদের কাজ।" তিনি বলেন পশ্চিমারা গাদ্দাফিকে পছন্দ করে না তাই লিবিয়ায় হামলা করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, পশ্চিমারা লিবিয়ার তেল ও পানি চায়, তাই তারা হামলা চালাচ্ছে লিবিয়ায়। তিনি বলেন, "তারা লিবিয়ার সব জায়গায় বোমা ছুঁড়ছে।" শ্যাভেজ বলেন, লিবিয়ার সমস্যার একটি রাজনৈতিক সমাধান বের করতে তারা আন্তরিকভাবে চেষ্টা করছেন। "গাদ্দাফির পাঠানো একটি প্রতিনিধিদল ভেনেজুয়েলায় এসেছে। তাদের সাথে নিয়ে লিবিয়া সমস্যার একটি শান্তিপূর্ণ সমাধান বের করার চেষ্টা করা হচ্ছে", জানান শ্যাভেজ। তবে গাদ্দাফির পাঠানো প্রতিনিধি দলে লিবিয়ার কোন কোন কর্মকর্তারা আছেন সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি শ্যাভেজ। গত মাসে শ্যাভেজ প্রস্তাব করেন, লিবিয়ার বিদ্রোহী ও সরকারের সাথে আলোচনার ব্যবস্থা করতে একটি আন্তর্জাতিক কমিশনের লিবিয়া যাওয়া উচিত। তার এই প্রস্তাব আন্তর্জাতিক মহলে তেমন সাড়া ফেলেনি। এমন কী গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামও প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন। ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী নিকোলাস মাদুরো জানান, কূটনৈতিক প্রচেষ্টা ও আলাপ-আলোচনার মাধ্যমে লিবিয়ার সংকট সমাধানের রাস্তা বের করতে মঙ্গলবার কারাকাসে ল্যাটিন দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আলোচনা করা হয়। লিবিয়ার জাতীয় ঐক্য বজায় রেখেই সমস্যার সমাধান করা হবে বলে দৃঢ়ভাবে বলেন তিনি। গাদ্দাফি যদি দেশ ছেড়ে পালিয়ে যান তবে ভেনেজুয়েলা হবে গাদ্দাফির নিরাপদ স্বর্গ, ধরনের কথা প্রায়ই বলা হলেও ভেনেজুয়েলার কর্মকর্তারা এ ধরনের কোনোকিছুর সম্ভাবনা উড়িয়ে দেন। আফ্রিকান ইউনিয়নও লিবিয়া সমস্যার শান্তিপূর্ণ সমাধানের উপায় বের করার চেষ্টা করছে। তারা লিবিয়ার সরকার ও বিদ্রোহীদেরকে দ্রুত অস্ত্রবিরতি করতে এবং অস্ত্রবিরতির অবসরে সংকটের রাজনৈতিক সমাধানের জন্য আলাপ-আলোচনা শুরু আহ্বান জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫১০ ঘ.