জাতিসংঘ, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, শ্রীলংকায় সেনাবাহিনীর সঙ্গে এলটিটিই'র লড়াইয়ের শেষ দিনগুলোতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে ওঠা অভিযোগ তদন্তের নির্দেশ দেওয়ার ক্ষমতা তার নেই। জাতিসংঘের একটি রিপোর্টে সোমবার ওই অভিযোগ তদন্তের সুপারিশের পরিপ্রেক্ষিতে বান একথা বলেন।
তবে তার এ বক্তব্য মানতে নারাজ একটি মানবাধিকার সংগঠন। তদন্তের ব্যাপারে কিছু করার ক্ষমতা বানের আছে বলেই দাবি করেছে তারা।
বানের নিয়োজিত জাতিসংঘ প্যানেল তাদের রিপোর্টে বলেছে, ২০০৮-২০০৯ সালে তামিল গেরিলাদের নির্মূল করতে শ্রীলংকা সরকার যে অভিযান চালিয়েছিলো তাতে হাজার হাজার নীরিহ মানুষ হত্যার জন্য শুধু সরকার নয় তামিল গেরিলারাও সমানভাবে দায়ী থাকার প্রমাণ পাওয়া গেছে।
ফলে ওই লড়াইয়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করে দেখার প্রস্তাব দিয়েছে জাতিসংঘ প্যানেল।
কিন্তু সোমবার প্রকাশিত এ রিপার্টকে কেন্দ্র করে সৃষ্টি হচ্ছে বিতর্ক। বান কি মুন বলছেন, ব্যক্তিগতভাবে এমন কোনো তদন্তের নির্দেশ দেওয়ার ক্ষমতা তার নেই। সদস্যদেশগুলোকে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে এবং এজন্য শ্রীলংকা সরকারের সম্মতি প্রয়োজন পড়বে।
শ্রীলংকা সরকারের সম্মতি ছাড়া কিংবা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, সাধারণ পরিষদ, মানবাধিকার পরিষদ বা অন্য কোনো আন্তর্জাতিক সংগঠন এ ব্যাপারে সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত বান এ তদন্তের নির্দেশ দিতে পারবে না।
বান আপাতত শ্রীলংকা সরকারকেই আন্তরিকভাবে তদন্ত করার আহ্বান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮২১ ঘ.
bdnews24