ম্যানিলা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- খাদ্যমূল্য বাড়তে থাকায় এশিয়ার কোটি কোটি লোক চরম দারিদ্র্যের মুখে পড়বে এবং বিশ্বের নেতৃস্থানীয় এশীয় অর্থনৈতিক শক্তিগুলোর স্থায়িত্ব হুমকির মুখে পড়বে বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
মঙ্গলবার ম্যানিলা ভিত্তিক এশীয় উন্নয়ন ব্যাংকের প্রকাশিত এক রিপোর্টে একথা বলা হয়।
রিপোর্টে আরো উল্লেখ করা হয়, এশিয়ার উন্নয়নশীল দেশগুলোতে ২০১১ সালের প্রথম দু'মাসে অভ্যন্তরীণ খাদ্যপণ্যের মূল্যস্ফীতি গড়ে প্রায় ১০শতাংশ বৃদ্ধি পেয়েছে যেখানে আন্তর্জাতিক বাজারে এ বৃদ্ধির হার বার্ষিক ৩০শতাংশের কিছু বেশী।
অভ্যন্তরীণ খাদ্যপণ্য মূল্যবৃদ্ধির ১০শতাংশ হার অব্যাহত থাকলে এশিয়ার সংশ্লিষ্ট দেশগুলোতে অতিরিক্ত ৬ কোটি ৪০লাখ মানুষ দারিদ্র্যসীমার নীচে চলে যাবে। যাদের দৈনিক আয় ১দশমিক ২৫ ডলারের থেকে কম হবে।
প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, এশিয়ার (৩শত ৩০কোটি অধিবাসী) প্রায় ২শতাংশ মানুষ এ অবস্থার শিকার হবে।
রিপোর্টে বলা হয়, গত বছরের মধ্যবর্তী সময় থেকে এশিয়ার অনেকগুলো প্রধান খাদ্যশস্যের মূল্য দ্রুত ও অব্যাহত গতিতে বৃদ্ধি এবং মার্চ থেকে এর সঙ্গে গত ৩১ মাসের মধ্যে অপরিশোধিত তেলের রেকর্ড উচ্চমূল্যের কারণে এ অঞ্চলের অর্থনীতিতে চরম সংকট দেখা দেয়।
খাদ্য ও জ্বালানি মূল্য যোগ হওয়ায় এশিয়ার অর্থনীতিতে মূল্যচাপ তৈরী হয়েছে। এ মাসের প্রথমদিকে এডিবি জানিয়েছিল কিছু উঠতি অর্থনীতির দেশে মূল্যচাপের লক্ষণ দেখা গেছে।
পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট দেশগুলো আমদানী ও বিক্রয় কর হ্রাস করার মতো স্বল্পমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। কিন্তু এডিবি বলছে, এর বদলে খাদ্যমূল্য বৃদ্ধি ঠেকাতে বিভিন্ন দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য আরো বেশি বিনিয়োগ এবং অধিক ফলনশীল কৃষিপণ্য উৎপাদনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা দরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৪৫ ঘ.
bdnews24