ওয়াশিংটন, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০০৮ সালে ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা পরিকল্পনায় সহযোগিতা করার জন্য চার পাকিস্তানিকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র। ওই হামলায় ১৬৬ জন নিহত হয়েছিলো।
সোমবার এ তথ্য প্রকাশ করেছেন মার্কিন সরকারি আইনজীবীরা।
এর আগের অভিযোগপত্রে এদের মধ্যে চার জনের কথা জানালেও নাম প্রকাশ করা হয়নি।
ওই অভিযোগপত্রে মার্কিন নাগরিক ডেভিড হেডলি এবং পাকিস্তানি বংশোদ্ভূত শিকাগোর ব্যবসায়ী তাহাউর রানাকে মুম্বাইয়ে বোমা হামলার লক্ষ্য চিনিয়ে দেওয়ার জন্য অভিযুক্ত করা হয়।
হেডলি ও রানার বিরুদ্ধে একটি ড্যানিশ পত্রিকার দপ্তরেও হামলার পরিকল্পনা করার অভিযোগ রয়েছে। তবে এ পরিকল্পনাটি শেষ পর্যন্ত সফল হয়নি।
২০১০ সালের মার্চ মাসে দোষ স্বীকার করার পর বর্তমানে মার্কিন তদন্তকারীদের সহায়তা করছেন হেডলি। ২০০৯ সালে গ্রেপ্তারের পর থেকে কারাগারে আছেন রানা। আগামী ১৬ মে তার বিচারকাজ শুরু হওয়ার কথা রয়েছে।
নতুন করে অভিযুক্ত চার পাকিস্তানি সবাই পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়বার সঙ্গে সম্পৃক্ত। মুম্বাই বোমা হামলার জন্য এ সংগঠনটিকে দায়ী করা হয়।
এরা হলেন- সাজিদ মীর, আবু কাহাফা, মাজহার ইকবাল ও 'মেজর ইকবাল' নামে পরিচিত আরেক ব্যক্তি। এরা সবাই পাকিস্তানে আছে বলে ধারণা করা হচ্ছে।
এদের মধ্যে সাজিদ মীর ড্যানিশ পত্রিকায় হামলা পরিকল্পনাতেও জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ পত্রিকাটিতে হয়রত মুহম্মদ (স.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করা হয়েছিলো।
মুম্বাই বোমা হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের আরো অবনতি ঘটেছে ইতিমধ্যেই। ভারত বলছে, এ বিষয়ে পাকিস্তানের তদন্তের ধীরগতিতে তারা সন্তুষ্ট নয় এবং অভিযুক্তদের তালিকায় লস্কর-ই-তৈয়বার প্রতিষ্ঠাতা হফিজ মোহাম্মদ সাঈদসহ আরো অনেকের নাম যুক্ত করার দাবি জানিয়েছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৬৪৭ ঘ.
bdnews24