আম্মান, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- সিরিয়ার দেরায় ট্যাংক এবং সাঁজোয়া যান নিয়ে বিক্ষোভ দমনাভিযানে নেমেছে সেনাবাহিনী। নিরস্ত্র মানুষের ওপর গুলি চলেছে সোমবারও।
গত মাসে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে দেরায় বিক্ষোভ শুরু হওয়ার পর এখন শহরটির নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী। দেরার অধিবাসীরা বলছে, শহরটিতে উপস্থিত হয়েছে শ' শ' সেনা।
দেরার মূল প্রবেশপথগুলোতে অবস্থান নেওয়া ট্যাংক থেকে শহরের বিভিন্ন লক্ষ্যস্থলে শেল নিক্ষেপ করা হচ্ছে। ফলে লোকজন এক রাস্তা থেকে আরেক রাস্তায় যেতে পারছে না। দেরার এক অধিবাসী মোহসেন একথা জানান।
নিরাপত্তা বাহিনী সব দিক থেকেই গুলি চালাচ্ছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। এতে অন্তত ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
দামেস্কর শহরতলী দোউমায়ও নিরাপত্তা বাহিনী গুলি চালিয়েছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। বিভিন্ন ভিডিওচিত্রে বিক্ষোভ মিছিলকারীদের ওপর একের পর এক গুলি চালাতে দেখা গেছে।
তাছাড়া, বিক্ষোভ দমাতে বিভিন্ন শহরে রোববার থেকে ব্যাপক ধরপাকড় শুরু করেছে নিরাপত্তা বাহিনী। ঘরে ঘরে তল্লাশি চালিয়ে আটক করা হয়েছে অনেক বিক্ষোভকারীকে।
সিরিয়ায় বিক্ষোভের শুরু থেকে এ পর্যন্ত ৩৫০ জন প্রাণ হারিয়েছে বলে দাবি করেছে মানবাধিকার সংগঠনগুলো। আর এর এক তৃতীয়াংশ নিহতের ঘটনাই ঘটেছে গত তিনদিনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫৫ ঘ.
bdnews24