সানা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইয়েমেনে সোমবার হাজার হাজার বিক্ষোভকারীর জোর আন্দোলন ঠেকাতে গুলি ছুড়েছে নিরাপত্তা বাহিনী। এতে অন্তত ১০ জন আহত হয়েছে।
তিজ শহরে বিক্ষোভকারীদের মিছিল রুখতে নিরাপত্তা বাহিনী গুলি ছোড়ে। এ মিছিলে অংশ নেয় তিজ শহরের বাইরে থেকে আসা হাজার হাজার বিক্ষোভকারী।
কিন্তু সাদা পোশাকধারী পুলিশ, সেনা ও বন্দুকধারীদের সঙ্গে তাদের সংঘর্ষের এক পর্যায়ে গুলি এবং টিয়ারগ্যাসে হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিক্ষোভের আয়োজক জামিল আবদুল্লাহ। তিনি জানান, নিরাপত্তা বাহিনী সব দিক থেকে প্রচণ্ড গুলিবর্ষণ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গুলিতে অন্তত ১০ জন আহত হয়েছে। শহরটিতে এখনো সংঘর্ষ, গুলি চলছে এবং আহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
একই ধরনের সংঘর্ষের খবর পাওয়া গেছে ইব শহরেও। সেখানে তিনজন গুলিবিদ্ধ হয়েছে এবং পুলিশের লাঠিচার্জে ৪ জন আহত হয়েছে।
ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ আরব পরিকল্পনা মেনে পদত্যাগ করতে রাজি হলেও বিরোধীরা ওই পরিকল্পনা প্রত্যাখ্যান করে অবিলম্বে সালেহ'র পদত্যাগের দাবিতে জোর আন্দোলনে নেমেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪২ ঘ.
bdnews24