২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ মেক্সিকোয় কোকেনবোঝাই বিমান বিধ্বস্ত

নিউ মেক্সিকোর উত্তরাঞ্চলের একটি লেকে কোকেনবোঝাই ছোট বিমান বিধ্বস্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2011, 09:29 AM

Updated : 24 Aug 2022, 02:57 PM

সান্তা ফে, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিউ মেক্সিকোর উত্তরাঞ্চলের একটি লেকে কোকেনবোঝাই ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। রোববারের এ ঘটনায় বিমানের সব আরোহী নিহত হয়েছে বলে নিউ মেক্সিকোর পুলিশ জানিয়েছে। পুলিশের লেফটেন্যান্ট এরিক গার্সিয়া বলেন, "বিমানটিতে মোট কতজন যাত্রী ছিলো তা সঠিক বলা যাচ্ছে না। তবে সেখানে কারো বেঁচে থাকার কোনো আলামত পাওয়া যায়নি।" এ ঘটনার পরে লেকের পানিতে কোকেনের বান্ডিলগুলো ভেসে উঠলে প্রায় চার মাইল দীর্ঘ ও তিন মাইল প্রস্থের 'হেরন লেক' বন্ধ ঘোষণা করা হয়। গার্সিয়া বলেন, স্থানীয় সময় বেলা ১১ টায় বিমানটিকে সরাসরি লেকের পানিতে পড়তে দেখে কিছু জেলে পুলিশকে জানায়। পুলিশ নৌকা ও ডুবুরির দল নিয়ে সেখানে গেলে বিমানটিকে পানিতে সম্পূর্ণ নিমজ্জিত দেখতে পায়। অ্যালবাকার্কিতে ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, দুর্ঘটনাকালে ওই এলাকায় বজ্রপাতসহ ৩০ মাইল বেগে বাতাস বাইছিল। টেক্সাসের ফোর্ট উয়োর্থে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের আঞ্চলিক অফিস জানায়, এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে, তবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৩৪৪ ঘ.