২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ড্রোন হামলার বিরুদ্ধে প্রতিবাদ

পাকিস্তানে যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে হাজার হাজার মানুষ। আফগানিস্তানে ন্যাটো সেনাদের রসদ সরবরাহ রুট অবরোধ করেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2011, 11:56 AM

Updated : 24 Aug 2022, 02:56 PM

পেশাওয়ার, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানে যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে হাজার হাজার মানুষ। আফগানিস্তানে ন্যাটো সেনাদের রসদ সরবরাহ রুট অবরোধ করেছে তারা। খাইবার অঞ্চলের পশতুন আদিবাসী এলাকার মধ্য দিয়ে আফগানিস্তানে চলে যাওয়া প্রধান সরবরাহ রুটে শনিবার থেকে অবস্থান ধর্মঘট শুরু করেছে সাবেক ক্রিকেট তারকা ইমরান খানের নেতৃত্বাধীন 'পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ' (পিটিআই) পার্টি ও অন্যান্য ইসলামিক দলগুলোর কর্মীরা। রোববারও রুটটি অবরোধ করে রেখেছে তারা। আদিবাসী এলাকাগুলোতে চালকবিহীন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা বন্ধের পাকিস্তানের দাবি যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করার পর ইমরান খান এর প্রতিবাদে আফগানিস্তানে ন্যাটো সেনাদের রসদ সরবরাহ রুট অবরোধের ডাক দেন। উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখা প্রদেশে পিটিআই এর প্রেসিডেন্ট আসাদ কায়সার বলেন, "আমরা ড্রোন হামলার বিরুদ্ধে- এ বার্তা বাইরে ছড়িয়ে দেওয়াই এর উদ্দেশ্য। আমরা কখনো তাদেরকে মেনে নেবো না।" তবে এ প্রতিবাদ সত্ত্বেও কাবুলে ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক সহায়তা বাহিনী (আইএসএএফ) বলেছে, দু'দিনের মহাসড়ক অবরোধে আফগান অভিযানের তেমন কোনো ক্ষতি হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৫২ঘ.