জেরুজালেম, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-অধিকৃত পশ্চিমতীরে রোববার গুলিবর্ষণে এক ইসরাইলি নাগরিক নিহত ও দুই জন আহত হয়েছে।
ইসরাইলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, "কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া পশ্চিমতীরে প্রবেশকারী একদল ইসরাইলিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়েছে। এতে একজন নিহত ও অপর দুজন আহত হয়।" আহত দুজন শঙ্কামুক্ত বলে জানান তিনি।
তবে এ ঘটনার বর্ণনায় ইসরাইলি বেতার জানায়, একজন নিহত হয়েছে ও তিনজন আহত হয়েছে।
এর আগে ইসরাইলি 'যাকা' উদ্ধারকারী সংস্থা জানায়, ফিলিস্তিনের নাবলুস শহরের কাছে যোশেফ স্তম্ভ নামে পরিচিত এলাকায় একদল ইহুদী তীর্থযাত্রীর ওপর হামলা চালানো হয়েছে।
গত মাসে পশ্চিম তীরের কেন্দ্রীয় অংশের কাছে ইতামার আবাসিক অঞ্চলে এক পরিবারের ৫জনকে হত্যা করা হয়। ওই ঘটনার পর এটাই পশ্চিমতীরে ইসরাইলি নাগরিকদের ওপর সবচেয়ে বড় হামলা।
পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেমে ২৫লাখ ফিলিস্তিনি অধিবাসীর সঙ্গে ৫লাখ ইসরাইলি ইহুদি অভিবাসী বাস করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫৫৩ ঘ.
bdnews24