সানা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনে প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহর পদত্যাগ দাবিতে চলমান বিক্ষোভে সেনা সদস্যরাও যোগ দিয়েছে।
প্রেসিডেন্ট সালেহ শনিবার বলেছেন, বিক্ষোভকারীরা দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।
ইয়েমেনে তিন মাসে ক্ষমতা হস্তান্তরের উপসাগরীয় দেশগুলোর পরিকল্পনাকে স্বাগত জানান সালেহ।
কিন্তু এখনই সালেহকে পদত্যাগ করতে হবে- এই দাবিতে অনড় বিক্ষোভকারীরা ওই সমঝোতা প্রস্তাবের নিন্দা করেছে।
ওই পরিকল্পনায় বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংসতার জন্য সালেহর বিচার এড়ানোর সুপারিশ রয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া এক নারী বলেন, "আদালত এড়ানোর কোনো সুযোগ তার নেই বলে আমি মনেকরি।
তিনি স্বপ্ন দেখছেন। ২০১৩ পর্যন্ত তিনি ক্ষমতায় থাকতে পারবেন না। আমরা লড়াই করবো। তরুণরা লড়াই না করলে আমরা তাদের ক্ষমা করবো না।"
তিউনিসিয়া ও মিশরের গণবিক্ষোভে অনুপ্রাণিত হয়ে সালেহর ৩২ বছরের শাসনাবসানের দাবিতে ইয়েমেনে বিক্ষোভ শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২৩৫৮ ঘ.
bdnews24