নমপেন, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সীমান্ত বিরোধ নিয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাবাহিনীর মধ্যে শনিবার দ্বিতীয় দিনের মতো গোলাগুলিতে অন্তত চারজন নিহত হয়েছে।
এ নিয়ে দুদিনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১১ হয়েছে।
থাই সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল থাওয়াতচাই সামুতসাকারোন বলেন, গোলাগুলিতে এক থাই সেনা নিহত হয়েছে।
স্থানীয় একটি হাসপাতালের চিকিৎসকরা জানান, গোলাগুলিতে ১৩ থাই সেনা আহত হয়েছে।
কম্বোডিয়ার সেনাবাহিনীর আঞ্চলিক ডেপুটি কমান্ডার সুওস সোথিয়া বলেন, সংঘর্ষে তিন কম্বোডীয় সেনা নিহত ও ১১ জন আহত হয়েছে।
শনিবার ভোর রাত থেকে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়ে কয়েক ঘণ্টা ধরে চলে।
কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, থাই বাহিনীর এ হামলা 'আগ্রাসী পদক্ষেপ'।
থাইল্যান্ডের উত্তরপূর্ব সুরিন প্রদেশের তা মোয়ান ও তা ক্রাবেই মন্দির সংলগ্ন বনাঞ্চলে সীমান্ত নিয়ে বিরোধের জেরে শুক্রবার দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। সেদিনের সংঘর্ষে চার থাই ও তিন কম্বোডীয় সেনা নিহত হয়।
গত ফেব্র"য়ারিতে এ সীমান্তের একশ' ৫০ কিলোমিটার দক্ষিণপূর্বের নয়শ' বছরের পুরনো প্রিয় বিহার মন্দিরের মালিকানা নিয়ে দুদেশের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়।
প্রিয় বিহার, তা মোয়ান ও তা ক্রাবেই হিন্দু মন্দির এবং এগুলোর চারপাশের পার্বত্যাঞ্চলের মালিকানা নিয়ে দুদেশের মধ্যে দীর্ঘ দিনের বিরোধ রয়েছে। উনিশ শতকের পঞ্চাশের দশকে কম্বোডিয়া থেকে ফরাসিরা চলে যাওয়ার সময় থেকে শুরু হয় এ বিরোধ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএইচ/২১৫৪ ঘ.
bdnews24