ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ায় শুক্রবারের বিক্ষোভে নিহতদের দাফনে অংশগ্রহণকারীদের ওপর শনিবার নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত নয়জন নিহত হয়েছে।
বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংসতার প্রতিবাদে পার্লামেন্ট সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন নাসের আল হারিরি ও খলিল আল-রিফাই। দুজনই দেরা অঞ্চল থেকে নির্বাচিত প্রতিনিধি ছিলেন।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী দামেস্কের উপশহর দোউমায় দাফনে সমবেতদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত চারজন এবং দক্ষিণাঞ্চলীয় ইজরা গ্রামে দাফনে যোগ দিতে যাওয়া মানুষের ওপর গুলিতে অন্তত চারজন নিহত হয়েছে। এছাড়া রাজধানীর বারজে জেলায় নিহত হয়েছে একজন।
সদ্য পদত্যাগকারী এমপি হারিরি আল জাজিরা টেলিভিশনকে বলেন, আমার সন্তানদের রক্ষা করতে ব্যর্থ হওয়ার পর পার্লামেন্টে থাকার কোনো যৌক্তিকতা নেই।
"আমি পদত্যাগের কথা ঘোষণা করছি।"
অন্য এমপি রিফাই বলেন, "যারা আমাকে পার্লামেন্টে এনেছে তাদের আমি রক্ষা করতে পারিনি।"
সহিংসতা বন্ধের জন্য প্রেসিডেন্ট আসাদের প্রতি আহ্বান জানান তিনি।
সিরিয়ার বিভিন্ন শহরে শুক্রবার জুমার নামাজের পর গণতন্ত্রের দাবিতে জনতা বিক্ষোভ শুরু করলে তাতে গুলি চালায় নিরাপত্তা বাহিনী। গুলিতে অন্তত একশ'র বেশি মানুষ নিহত হয় বলে জানিয়েছে বিক্ষোভকারীরা। দোউমা, ইজরা, দারা, হোমসসহ বেশ কয়েকটি শহরে বিক্ষোভে গুলি চালানো হয়।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, লাখ লাখ মানুষ শনিবার নিহতদের জানাযায় জড়ো হয়ে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের দাবিতে বিক্ষোভ করে।
দোউমায় শোকার্ত জনতা 'বাশার আল-আসাদ, তুমি প্রতারক! বাশারের পতন হোক'-বলে স্লোগান দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২১০০ ঘ.
bdnews24