জাপান, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)---ভূমিকম্প ও সুনামি বিধ্বস্ত জাপানে ত্রাণ ও পুনর্গঠন কর্মসূচির জন্য ৪ ট্রিলিয়ন ইয়েনের (৪৮ দশমিক ৯ বিলিয়ন ডলার) জরুরি বাজেট ঘোষণা করেছে সরকার।
বাজেটটি এখন পার্লামেন্টে পাসের অপেক্ষায় রয়েছে। এ মাসে বাজেট পাস হলে মে মাস থেকে তা কার্যকর হতে পারে।
দুর্গতদের জন্য অস্থায়ী বাসস্থান, অবকাঠামো পুনর্গঠন, ঋণ কর্মসূচিসহ ত্রাণসহায়তা দেওয়া বাজেটের লক্ষ্য।
রয়টার্স জানিয়েছে, জাপানের মন্ত্রিসভা শুক্রবার পুনর্গঠন কর্মসূচির জন্য প্রায় ৫০ বিলিয়ন ডলার অনুমোদন করেছে।
জাপানে গত ১১ মার্চে ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে ২৭ হাজার মানুষ নিহত কিংবা নিখোঁজ হয়। ধ্বংস হয়ে যায় জাপানের উত্তরপূর্বাঞ্চলের অবকাঠামো। পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে নেমে আসে আরেক বিপর্যয়।
সরকারের হিসাব অনুযায়ী, জাপানে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সব মিলিয়ে ২৫ ট্রিলিয়ন ইয়েন পর্যন্ত খরচ পড়তে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪৮ ঘ.
bdnews24