ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিশরের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও স্থাপনা থেকে ক্ষমতাচ্যুৎ প্রেসিডেন্ট হোসনি মুবারক ও তার স্ত্রী সুজানের নাম সরানোর নির্দেশ দিয়েছে একটি আদালত।
এ দম্পতির নামে মিশরজুড়ে কয়েকশ' চত্বর, সড়ক, লাইব্রেরি ও স্কুল রয়েছে। ইতোমধ্যে সব সরকারি প্রতিষ্ঠান থেকে মুবারকের প্রতিকৃতি সরিয়ে ফেলা হয়েছে।
বিচারক মোহাম্মদ হাসান ওমর বিবিসিকে বলেন, " দুর্নীতির যে সব তথ্য প্রতিদিন বের হচ্ছে সেগুলো কল্পনাকেও ছাড়িয়ে গেছে।"
আদালতের এ আদেশের পর পরিবহনমন্ত্রী বলেন, কায়রোর গুরুত্বপূর্ণ পাতাল রেল স্টেশনসহ সব মন্ত্রণালয় থেকে মুবারকের নাম সরানো হবে।
মুবারকের পতনের দাবিতে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংসতায় নিহতদের নামে সড়কগুলোর নামকরণেরও নির্দেশ দেওয়া হয়েছে বলে বিবিসি প্রতিনিধি ইয়োলান্ডে কেল জানিয়েছেন।
গনবিক্ষোভের মুখে ১১ ফেব্র"য়ারি ক্ষমতা ছাড়েন দেশটির ৩১ বছরের শাসক মুবারক। দুর্নীতি ও বিক্ষোভে সহিংসতার নির্দেশ দেওয়ার অভিযোগের জিজ্ঞাসাবাদের জন্য বর্তমানে আটক অবস্থায় শারম আল শেখের একটি হাসপতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
মিশরের ক্ষমতাসীন সেনাবাহিনীর সুপ্রিম কাউন্সিলের গঠিত একটি তথ্যানুসন্ধান কমিটি বলেছে, সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতায় অন্তত আটশ' ৪৬ জন নিহত ও ছয় হাজার চারশ' জন আহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২৩০৪ ঘ.
bdnews24