২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেক্সাসে ছড়িয়ে পড়েছে দাবানল

যুক্তরাষ্ট্রের টেক্সাসে হাজার হাজার একর জমি ও বনাঞ্চলজুড়ে ছড়িয়ে পড়েছে দাবানল। পুড়ছে বাড়িঘর। পালাচ্ছে শ' শ' মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2011, 02:38 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

টেক্সাস, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের টেক্সাসে হাজার হাজার একর জমি ও বনাঞ্চলজুড়ে ছড়িয়ে পড়েছে দাবানল। পুড়ছে বাড়িঘর। পালাচ্ছে শ' শ' মানুষ। টেক্সাসের পশ্চিমাঞ্চলে দাবানল শুরু হয়ে পূর্বদিকে ছড়িয়ে পড়ছে। ধেয়ে যাচ্ছে ডালাস-ফোর্ট ওয়ার্থ এলাকার দিকে। টেক্সাসের বন বিভাগ জানিয়েছে, ফোর্ট ওয়ার্থ এলাকার ৮০ মাইল পশ্চিমে দাবানলে মঙ্গলবারের মধ্যে প্রায় ১৫০, ০০০ একর জমি পুড়ে গেছে। ধ্বংস হয়েছে প্রায় ১৫০ টি বাড়ি। এদিন নতুন করে ১১ টি জায়গায় দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলেছে বলে জানায় তারা। টেক্সাসের কেন্দ্রস্থলে পোসাম কিংডোম লেক এলাকায় বেশ কিছু মালামাল ধ্বংস হয়েছে। তবে কেউ হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। দমকলকর্মীরা দাবানল মাত্র ১০ শতাংশ নিয়ন্ত্রণ করতে পেরেছে। শুস্ক আবহাওয়া এবং জোর বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। দীর্ঘদিনের খরা, উচ্চ তাপমাত্রা এবং জোর বাতাসের কারণে আগুন ক্রমশই ছড়িয়ে পড়ছে। কয়েকটি শহর থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এখন ২০ টিরও বেশি জায়গায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে অস্টিন আমেরিকান-স্টেটসম্যান পত্রিকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৩২ ঘ.