নাইজেরিয়া, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)-নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে গুডলাক জোনাথনের জয়ের বিরুদ্ধে দেশটির মুসলিম অধ্যুষিত উত্তরাঞ্চলে দাঙ্গা ছড়িয়ে পড়েছে। এতে বহু লোক নিহত হয়েছে বলে রেডক্রস খবর দিয়েছে।
সোমবার বিক্ষুব্ধ যুবকরা উত্তরাঞ্চলীয় কানো ও কাদুনা শহরে জোনাথনের সমর্থকদের বাড়িঘর ও গির্জায় আগুন ধরিয়ে দেয়।
কাদুনা শহরে জোনাথনের জয়ের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী ফাঁকা গুলি এবং টিয়ারগ্যাস ছুড়ে। ২৪ ঘণ্টার কারফিউ জারি হয়েছে কাদুনায় ।
নির্বাচনে প্রেসিডেন্ট গুডলাক জোনাথনের জয়ের খবর শুনে ওই এলাকার একদল তরুণ বিক্ষোভে ফেটে পড়ে। তারা জোনাথনের প্রতিপক্ষের নাম ধরে স্লোগান দেয় 'বুহারিকে চাই', 'বুহারিকে চাই'। বিভিন্ন জায়গায় কয়েকটি ব্যারিকেড এবং টায়ারও পোড়ায় তারা।
উত্তরের আরেকটি শহর কানোতেও বিক্ষোভ হয়েছে বলে জানিয়েছে বিবিসি। সেখানে বিক্ষোভকারীরা জোনাথনের পোস্টার টাঙানো বাড়িঘরে আগুন দেয়। 'বুহারিকে চাই' দাবিতে সেখানেও স্লোগান দিয়েছে তরুণ বিক্ষোভকারীরা।
নাইজেরিয়ায় নির্বাচনের প্রাথমিক ফলাফলে প্রেসিডেন্ট গুডলাক জোনাথন নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে প্রায় দ্বিগুণ ব্যবধানে জয়ী হয়েছেন। তবে জোনাথনের বিরোধী পক্ষ থেকে নির্বাচনে বেশকিছু অনিয়মের অভিযোগ তোলা হয়েছে।
রোববারের নাইজেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
রয়টার্সের হিসেব অনুযায়ী নাইজেরিয়া ৩৬ টি প্রদেশের মধ্যে ৩৫টিতে ভোট গণনায় দেখা গেছে, জোনাথন পেয়েছেন ২ কোটি ২০ লাখ ভোট। জোনাথনের নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মাদু বুহারি পেয়েছেন ১ কোটি ২০ লাখ ভোট।
বুহারির মুখপাত্র ইনকা ওদুমাকিন বলেন, বেশকিছু অনিয়ম ধরা পড়েছে। তবে ভোট গণনার পরই অভিযোগগুলো উপস্থাপন করা হবে। স্বাধীন জাতীয় নির্বাচন কমিশন দ্রুত নির্বাচনী ফলাফল ঘোষণা করবে বলে জানা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এলকিউ/এইচএ/২২৫১ ঘ.
bdnews24