২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিসরাতায় বোমাবর্ষণ চলছে, সমুদ্রপথে উদ্ধার ১,০০০

লিবিয়ার মিসরাতা শহরে এখনো চলছে প্রচণ্ড বোমাবর্ষণ। বিদ্রোহীরা জানিয়েছে, গাদ্দাফির অনুগত বাহিনী সোমবারও মিসরাতায় রকেট ও গোলা হামলা চালিয়েছে। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2011, 12:24 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

আজদাবিয়াহ, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লিবিয়ার মিসরাতা শহরে এখনো চলছে প্রচণ্ড বোমাবর্ষণ। বিদ্রোহীরা জানিয়েছে, গাদ্দাফির অনুগত বাহিনী সোমবারও মিসরাতায় রকেট ও গোলা হামলা চালিয়েছে। শুধু রোববারের হামলাতেই সেখানে ১৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন বিদ্রোহীদের এক মুখপাত্র। ভাড়া করা একটি জাহাজে করে প্রায় ১ হাজার বিদেশি কর্মী এবং আহত লিবীয় নাগরিককে সোমবার মিসরাতা থেকে উদ্ধার করা হয়েছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এক বিবৃতিতে জানিয়েছে, মিসরাতায় নির্বিচারে রকেট ও মর্টার হামলা চালাচ্ছে গাদ্দাফি বাহিনী। এতে ১৪ এপ্রিল থেকে এ পর্যন্ত অন্তত ১৬ জন বেসামরিক নাগরিক মারা পড়েছে। মর্টার হামলা হয়েছে হাসপাতালেও। এতে ৪ জন আহত হয়। লিবিয়ার পশ্চিমে বিদ্রোহীদের একমাত্র বড় ঘাঁটি এই মিসরাতা। গত ৫ দিনর ধরে এ শহরটিতে প্রচন্ড বোমা হামলা চলছে। সোমবারও এর ব্যতিক্রম দেখা যায়নি। গাদ্দাফি বাহিনী সেখানে ভারি অস্ত্র ব্যবহার করছে। আব্দুবাসেত আবু মিরেক নামের এক বিদ্রোহী বলেন, গাদ্দাফি বাহিনী এখন মিসরাতায় শেল নিক্ষেপ করছে। তারা পূর্বদিকের নাক এল তিকেল সড়ক এবং আবাসিক এলাকাগুলোতে রকেট এবং গোলা ছুড়ছে। রোববারের লড়াইয়ে প্রায় ১শ মানুষ আহত হয়েছে এবং এদের বেশিরভাগই সাধারণ মানুষ বলে জানান তিনি। লড়াইয়ে গাদ্দাফি বাহিনীর গুচ্ছ বোমা (ক্লাস্টার বোমা) ব্যবহারেরও অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আবাসিক এলাকায় এ বোমা এবং গ্রাড ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন অ্যামনেস্টির কর্মকর্তা ডোনাতেল্লা রোভেরা। মরিয়া হয়ে শহর ছেড়ে পালানোর চেষ্টা করছে আতঙ্কিত মানুষ। এ পর্যন্ত ১ হাজার জন উদ্ধার পেলেও আরো বহু মানুষ উদ্ধারের অপেক্ষায় আছে। আরো মানুষকে মিসরাতা থেকে সরিয়ে নেওয়া ইচ্ছা থাকলেও তা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অভিবাসন সংগঠন 'আইওএম' এর উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা জেরেমি হাসলাম। মিসরাতায় আটকে পড়া ৫ হাজার অভিবাসী শ্রমিককে উদ্ধারের জন্য ব্রিটেন তহবিল সহায়তার প্রস্তাব দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮২০ ঘ.