২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসংকটের ঝুঁকিতে বিশ্ব: বিশ্বব্যাংক প্রধান

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিক বলেছেন, মহাসংকটের এক পা দূরে রয়েছে বিশ্ব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2011, 01:41 PM

Updated : 24 Aug 2022, 02:53 PM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিক বলেছেন, মহাসংকটের এক পা দূরে রয়েছে বিশ্ব। জোয়েলিক বলেন, খাদ্য দ্রব্যের দাম বাড়তে থাকায় মুল ঝুঁকিতে রয়েছে দরিদ্র দেশগুলো। একটি প্রজন্ম হারানোর ঝুঁকি রয়েছে তাদের। ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বসন্তকালীন বৈঠকের শেষে এক সংবাদ সম্মেলনে জোয়েলিক এসব কথা বলেন বলে রোববার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়। জি টোয়েন্টি জোটভুক্ত দেশের অর্থমন্ত্রীরা মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোর নতুন সরকারকে সহায়তার আশ্বাস দিলে জোয়েলিক বলেন, এ ধরনের সহায়তা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, "মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বর্তমান সংকট আমাদের সর্বশেষ বিশ্ব উন্নয়ন প্রতিবেদনের সিদ্ধান্তগুলো বাস্তবায়নের প্রয়োজনীয়তা বুঝিয়ে দিয়েছে। ওই প্রতিবেদনে নাগরিক নিরাপত্তা, ন্যায়বিচার ও কর্মসংস্থানের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।" ওই অঞ্চলে সংস্কারকে সমর্থনে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্যও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। ওয়াশিংটনের ওই বৈঠকে মধ্যপ্রাচ্যের অস্থিরতা, তেলের দামের ওঠানামা এবং বেকারত্ব বাড়া নিয়েও আলোচনা হয়। আইএমএফ প্রধান ডমিনিক স্ট্রস-কান তরুণদের কর্মসংস্থানের অভাবের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, "এটা বলা বেশি হবে যে, এটা কর্মসংস্থানহীন পুনরুদ্ধার। তবে এটা নিশ্চিত যে, এ অর্থনৈতিক পুনরুদ্ধার যথেষ্ট কর্মসংস্থান সৃষ্টি করতে পারেনি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/১৯৩০ ঘ.