২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সুয়েদায় রোববার আবারো বিক্ষোভ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2011, 12:38 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

আম্মান, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সুয়েদায় রোববার আবারো বিক্ষোভ হয়েছে। সিরিয়ায় ৪৮ বছর ধরে জারি থাকা জরুরি আইন তুলে নেওয়ার ঘোষণার পরেও গণতান্ত্রিক অধিকারের দাবিতে ওই বিক্ষোভ হয়। রোববার সুয়েদায় শহরে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক শোভাযাত্রা শেষে বিক্ষোভকারীরা ক্ষমতাসীন বাথ পার্টির বিরুদ্ধে স্লোগান দিয়ে বাক স্বাধীনতার ও গণতান্ত্রিক অধিকারের দাবি জানায়। ১৯৬৩ সাল থেকে বাথ পার্টির নেতারা সিরিয়ার রাষ্ট্রক্ষমতায় রয়েছে। ৩০ বছর রাষ্ট্রপ্রধান থাকার পর ২০০০ সালে হাফেজ আল-আসাদ মারা গেলে ক্ষমতায় বসেন তার ছেলে বাশার আল-আসাদ। বিক্ষোভকারীরা দেরা শহরে বিক্ষোভে নিহতদের প্রতিও শ্রদ্ধা জানায়। ১৮ মার্চ দেরায় প্রথম সরকারবিরোধী বিক্ষোভ হয়। সেখানে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংসতায় এ পর্যন্ত দুই শতাধিক মানুষ নিহত হয়েছে বলে দাবি করছে মানবাধিকার গ্র"পগুলো। ৬৫ বছর আগের এই দিনে ফরাসি সেনারা সিরিয়া থেকে বিদায় নেয় এবং স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে সিরিয়া। প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রোববার বলেন, আগামী সপ্তাহ নাগাদ জরুরি আইন প্রত্যাহার করা হবে। শনিবার নতুন মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশে আসাদ বলেন, দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সবচেয়ে গুরুত্বের বিষয়। নিজেদের শক্তি বাড়াতে সংস্কার প্রয়োজন। সিরিয়ায় চলমান সরকারবিরোধী বিক্ষোভের মুখে গত সপ্তাহে মন্ত্রিসভা ভেঙে নতুন মন্ত্রিসভা ঘোষণা করেন আসাদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৮৩৪ঘ.