টোকিও, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভূমিকম্প ও সুনামি বিধ্বস্ত জাপানের পুনর্গঠনে সহযোগিতা করবে পশ্চিমা মিত্র দেশ যুক্তরাষ্ট্র।
সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন রোববার জাপানি পররাষ্ট্রমন্ত্রী তাকেয়াকি মাতসুমোতোর সঙ্গে বৈঠক করেন।
বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে হিলারি বলেন, জাপান সরকারের তত্ত্বাবধানে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে পুনর্গঠন কার্যক্রম পরিচালনায় একমত হয়েছে জাপান ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিষ্ঠান ও সংগঠনগুলো এ বিষয়ে শিগগিরই আলোচনা শুরু করবে।
তিনি বলেন, অর্থনৈতিক, কূটনৈতিক ও অন্যান্যভাবে বৈশ্বিক সংকট নিরসনে জাপানের ভূমিকা অপরিহার্য।
"বৈশ্ব্কি নিরাপত্তা ও অগ্রগতির জন্য অন্য যে কোনো সময়ের মতো যুক্তরাষ্ট্র-জাপান জোট অপরিহার্য"-বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
১১ মার্চ ৮ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প ও তার প্রভাবে সৃষ্ট ৩৩ ফুট সুনামিতে ভেসে যায় জাপানের উত্তরপূর্ব ঊপকূল। দুর্যোগে মারা যায় প্রায় ২৮ হাজার মানুষ। ক্ষতিগ্রস্ত হয় ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্র। কেন্দ্রটি থেকে তেজস্ক্রিয়া নিঃসরণ বন্ধ করতে প্রাণপণ লড়ছে জাপান।
দুর্যোগে জাপানের অর্থনৈতিক ক্ষতি হয়েছে ৩০ হাজার কোটি মার্কিন ডলার।
জাপানের উত্তরপূর্ব ঊপকূলে ত্রাণ কাজে সহায়তার জন্য যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই কয়েক হাজার সেনাসহ সামরিক বিমান ও নৌবাহিনীর জাহাজ নিয়োজিত করেছে।
ক্লিনটন বলেন, জাপান থেকে নিজেদের দূরে সরিয়ে রাখার কোনো যৌক্তিকতা নেই বলে মার্কিনীদের আশস্ত করা হয়েছে।
"ব্যবসায়ী ও অন্যান্য মার্কিনীদের ব্যবসায়িক কর্মকাণ্ড, ভ্রমণ ও অন্যান্য প্রয়োজনে জাপানে যেতে উৎসাহিত করেছি আমরা।"
এ সফরে জাপানের প্রধানমন্ত্রী নাওতো কানের সঙ্গে বৈঠকে বসবেন হিলারি। তাছাড়া সম্রাট আকিহিতো ও সম্রাজ্ঞী মিচিকোর সঙ্গে এক চা চক্রে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/১৫০৯ ঘ.
bdnews24