ত্রিপোলি, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে লিবিয়ায় বিমান হামলা শুরু করা ফ্রান্স এবং ব্রিটেন মঙ্গলবার বলেছে, সাধারণ মানুষের সুরক্ষায় ন্যাটোকে মুয়াম্মার গাদ্দাফির ভারী অস্ত্রসশেস্ত্রর ওপর আরো জোর বোমা হামলা চালাতে হবে।
ন্যাটো ৩১ মার্চ ওই তিন দেশের হাত থেকে লিবিয়ায় সামরিক অভিযান চালানোর দায়িত্ব নেয়। কিন্তু তারপরও মিসরাতায় চলথে থাকে গাদ্দাফির সামরিক বাহিনীর প্রচণ্ড বোমা হামলা। এতে মারা পড়ে শ'শ' সাধারণ মানুষ।
সোমবার মিসরাতা শহরে গাদ্দাফি বাহিনীর প্রচণ্ড হামলা এবং আফ্রিকান ইউনিয়নের শান্তি উদ্যোগ ব্যর্থ হওয়ার পর লন্ডন এবং প্যারিস ন্যাটোর সমালোচনায় মুখর হলো।
ন্যাটোর বিরুদ্ধে লিবিয়ার বিদ্রোহীদের অসন্তোষ এবং অভিযোগের প্রতিধ্বনি করে ফ্রান্সের ইনফো বেতারে পররাষ্ট্রমন্ত্রী জুপে বলেন, "এটাই যথেষ্ট নয়।"
তিনি বলেন, মিসরাতায় গাদ্দাফি অনুগত বাহিনীর ভারি অস্ত্রের ঝনঝনানি এবং সাধারণ মানুষের ওপর গোলা হামলা বন্ধ করতে হবে ন্যাটোকে। ওদিকে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগও বলেছেন, ন্যাটোকে হামলা জোরদার করতে হবে।
তবে ন্যাটো সব সমালোচনা নাকচ করে বলেছে, তারা সক্রিয়ভাবেই অভিযান চালিয়ে যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৩৬ ঘ.
bdnews24