কায়রো, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আদালতে হাজির হতে হচ্ছে মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারককে। জেরার জন্য তাকে ইতোমধ্যেই আদালতে হাজির হওয়ার সমন পাঠানো হয়েছে।
বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় তাকে আদালতে নেওয়ার তোড়জোড় চলছে। মিশরের স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রপরিচালিত আল-আহরাম পত্রিকা এ খবর জানিয়েছে।
মিশরের সরকারি আইনজীবী রোববার সরকারবিরোধী আন্দোলনে বিক্ষোভকারী হত্যা এবং সরকারি তহবিলের অপব্যবহারের ঘটনা তদন্তের আওতায় মুবারককে আদালতে হাজির হওয়ার সমন জারি করেছেন। কিন্তু মুবারক তার অপকর্মের সব অভিযোগই মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন।
কায়রোর পূর্বাঞ্চলের উপকণ্ঠে একটি আদালতে মুবারক তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগের সাক্ষ্য দেবেন বলে জানিয়েছেন মন্ত্রী মনসুর আল-এসাওয়ে। তবে কখন তিনি আদালতে যাবেন এবং তার বিরুদ্ধে অভিযোগগুলোই বা কি সে সম্পর্কে খবরে কিছু জানায়নি আল-আহরাম।
আদালতের নির্দেশে মুবারক কি জবাব দিয়েছেন তা এসাওয়ে জানাতে পারেননি বলে জানিয়েছে পত্রিকাটি। মুবারকসহ তার ছেলে আলা এবং গামালকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে।
মুবারক গণবিক্ষোভে ক্ষমতা থেকে উৎখাত হওয়ার পর কয়েকটি দেশ তিনিসহ তার পরিবার ও কয়েকজন সহযোগীর সম্পদ জব্দ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪২ঘ.
bdnews24