২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের বাজেটশেষ মুহূর্তের সমঝোতায় এড়ালো অচলাবস্থা

পুরোপুরি মতৈক্য না হলেও সরকারের অন্তর্র্বতীকালীন ব্যয়ের বিষয়ে রিপাবলিকান-ডেমোক্রেট সমঝোতা হওয়ায় যুক্তরাষ্ট্রে প্রশাসনের একটি অংশ অচল হওয়ার অবস্থা থেকে রক্ষা পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2011, 04:35 AM

Updated : 24 Aug 2022, 02:51 PM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পুরোপুরি মতৈক্য না হলেও সরকারের অন্তর্র্বতীকালীন ব্যয়ের বিষয়ে রিপাবলিকান-ডেমোক্রেট সমঝোতা হওয়ায় যুক্তরাষ্ট্রে প্রশাসনের একটি অংশ অচল হওয়ার অবস্থা থেকে রক্ষা পেয়েছে। বাজেট নিয়ে সমঝোতায় পৌঁছাতে কংগ্রেসে দুই দলের সদস্যরা আলোচনা চালিয়ে যাচ্ছেন। শুক্রবার মধ্যরাতে (স্থানীয় সময়) অন্তর্র্বতীকালীন ব্যয়ের অনুমোদন দেন কংগ্রেস সদস্যরা। এছাড়া প্রস্তাবিত বাজেট থেকে ৩ হাজার ৮০০ কোটি ডলার ছাঁটতেও দুই পক্ষ একমত হয়। এ সমঝোতায় না পৌঁছাতে পারলে শুক্রবার মধ্যরাতের পর থেকে সরকারের একটি অংশ কার্যত অচল হয়ে পড়তো। এতে কেন্দ্রীয় সরকারের ৮ লাখ কর্মী হতো কর্মহীন। তাই বিস্তারিত বাজেট পরিকল্পনা চূড়ান্ত হওয়ার আগে বিভিন্ন ব্যয় বহন করতে একটি অন্তর্র্বতীকালীন বাজেট (স্টপ-গ্যাপ স্পেন্ডিং বিল) পাস করেন কংগ্রেসে ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় দলের সদস্যরা। সমঝোতার ঘোষণা দেওয়ার সময় রিপাবলিকান সমর্থক হাউজ স্পিকার জন বোয়েনার বলেন, "এটি দীর্ঘ লড়াই ছিলো। আমরা সরকারের ব্যয় কমাতে চাই কারণ, এতে কর্মসংস্থান সৃষ্টিকারীদের জন্য পরিস্থিতি উন্নত হবে।" তবে ২০১২ সালের বাজেট ও বিভিন্ন দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়ে বিতর্ক এখনো রয়ে গেছে। গত নভেম্বরের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে কোনো রকমে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারলেও নিুকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের নিয়ন্ত্রণ হারায় প্রেসিডেন্ট ওবামার ডেমোক্রেট পার্টি। মূলত সংখ্যাগরিষ্ঠতা হারানোর কারণেই বাজেট পাস করা নিয়ে এই সঙ্কটের মধ্যে পড়েছে ওবামা প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, বাজেট ছেঁটে ফেলাটা অত্যন্ত কষ্টকর হলেও জরুরি ছিলো। আমেরিকার ইতিহাসে বাজেট সঙ্কোচনের সবচেয়ে বড় ঘটনা এটি। তবে আমেরিকাকে তার প্রয়োজন অনুযায়ী চলতে হবে। তিনি বলেন, "এর ফলে জনগণ নির্ভর করে এমন কিছু সেবা বন্ধ হয়ে যাবে এবং কিছু অবকাঠামোগত উন্নয়ন আটকে যাবে। এ অবস্থায় না পড়লে আমি কখনোই এ সঙ্কোচন করতাম না।" রিপাবলিকানরা শুরুতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাস মেয়াদি প্রস্তাবিত বাজেট থেকে ৬ হাজার ১০০ কোটি ডলার কমানোর দাবি করে। অ্যাবরশন ও পরিবেশ সুরক্ষাসহ বেশ কয়েকটি খাত থেকেও ব্যয় কমানোর দাবি তোলেন বিরোধীদলীয় কংগ্রেস সদস্যরা। অন্যদিকে ক্ষমতাসীন ডেমোক্রেট পার্টির নেতারা বলেন, রিপাবলিকানদের প্রস্তাব সরকারের অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচিকে ব্যাহত করবে। এর আগে ১৯৯৫ সালে প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সময় রিপাবলিকানদের বিরোধিতার মুখে বাজেট পাস না হওয়ায় একই ধরনের অচলাবস্থায় পড়ে প্রশাসন। ২০ দিন পর সেই সঙ্কটের নিরসন হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১৪১৩ ঘ.