২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহীদের ওপর হামলার ঘটনায় ন্যাটোর দুঃখ প্রকাশ

লিবিয়ায় বিদ্রোহীদের ওপর ভুল করে বিমান হামলা চালানোর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ন্যাটো। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2011, 06:15 AM

Updated : 24 Aug 2022, 02:51 PM

আজদাবিয়া, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ায় বিদ্রোহীদের ওপর ভুল করে বিমান হামলা চালানোর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ন্যাটো। দেশটির পূর্বাঞ্চলীয় তেল সমৃদ্ধ শহর ব্রেগার কাছাকাছি অবস্থানরত বিদ্রোহীদের ওপর বৃহস্পতিবার ওই হামলা চালায় ন্যাটো। এতে ১৩ বিদ্রোহী নিহত ও অনেকে আহত হয়েছেন। বিদ্রোহীদের কমান্ডার জেনারেল আব্দেল ফাতাহ ইউনিস বলেন, সতর্কতা সংকেত দেওয়ার পরও ট্যাঙ্কগুলো যখন সামনের দিকে অগ্রসর হচ্ছিল তখন এ বিমান হামলা চালানো হয়। ন্যাটো এ ঘটনা তদন্তের ঘোষণা দিয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানায়নি ওই সামরিক জোট। বিদ্রোহীদের পক্ষ থেকে জানানো হয়, হামলায় চার জন নিহত হয়েছে। আবার রয়টার্স জানিয়েছে, এতে পাঁচজন নিহত হয়েছে। কিন্তু স্থানীয় চিকিৎসকদের বরাত দিয়ে বিবিসি জানায়, এতে ১৩ জন যোদ্ধা নিহত হয়েছেন। জেনারেল ইউনিস বলেন, "কী কারণে এমনটি ঘটেছে তা আমরা জানতে চাই। তাদের (ন্যাটো) কাছে আমরা যথাযথ ও গ্রহণযোগ্য ব্যাখ্যা প্রত্যাশা করছি।" তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের ভুল ভবিষ্যতে নিশ্চয়ই আর হবে না। তিনি ন্যাটোর কাছে আরো অধিক সহযোগিতার কামনা করেন। একে দুর্ঘটনা আখ্যা দিয়ে তিনি বলেন, এর ফলে ন্যাটোর সঙ্গে সম্পর্কের অবণতি হবে না। প্রসঙ্গত, বেসামরিক মানুষ ও বিদ্রোহীদের রক্ষায় পরিচালিত পশ্চিমা অভিযানে বিদ্র্হোী নিহত হওয়ার তৃতীয় ঘটনা এটি। এ ঘটনায় স্থানীয় ও বিদ্রোহীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সেলিম মিসলাত নামে এক বিদ্রোহী বলেন, "ন্যাটো প্রতারণা করছে। তারা গাদ্দাফির পক্ষ নিয়েছে।" লিবিয়ায় গাদ্দাফিবিরোধী আন্দোলন সশস্ত্র বিদ্রোহে মোড় নিলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে সাধারণ মানুষদের গত ১৯ মার্চ যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং যুক্তরাজ্যেও যৌথবাহিনী দেশটিতে সামরিক অভিযান শুরু করে। পরবর্তী সময়ে যৌথ বাহিনীর নেতৃত্ব ন্যাটোর কাছে হস্তান্তর করা হয়। এ সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করে আসছে নিরাপত্তা পরিষদের অপর সদস্য চীন, রাশিয়া ও জার্মানি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২০০ ঘ.