২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাটোর হামলায় ১৩ বিদ্রোহী নিহত

লিবিয়ায় ন্যাটোর বিমান হামলায় ১৩ বিদ্রোহী নিহত হয়েছে। বেসামরিক মানুষ ও বিদ্রোহীদের রক্ষায় পরিচালিত পশ্চিমা হামলায় বিদ্রোহী মারা যাওয়ার তৃতীয় ঘটনা এটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2011, 12:34 PM

Updated : 24 Aug 2022, 02:50 PM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ায় ন্যাটোর বিমান হামলায় ১৩ বিদ্রোহী নিহত হয়েছে। বেসামরিক মানুষ ও বিদ্রোহীদের রক্ষায় পরিচালিত পশ্চিমা হামলায় বিদ্রোহী মারা যাওয়ার তৃতীয় ঘটনা এটি। আজদাবিয়ার চিকিৎসকরা বৃহস্পতিবার বিবিসিকে বলেন, বিদ্রোহীদের একটি ট্যাংকে ন্যাটোর হামলায় ১৩ জন নিহত হয়েছে। বিদ্রোহী বাহিনীর এক কমান্ডার বলেন, বিদ্রোহীদের ওপর অন্তত চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তাতে অনেক হতাহত হয়েছে। ঘটনাস্থল থেকে বিবিসির প্রতিনিধি বলেন, এ হতাহতের ঘটনায় বিদ্রোহীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। তবে এ হামলা বিষয়ে ন্যাটোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। গাদ্দাফির অনুগত বাহিনীকে মোকাবেলায় বিদ্রোহীরা আজদাবিয়া ও ব্রেগা শহরের মধ্যবর্তী এলাকায় ট্যাংক, সাজোয়া যান ও রকেট লাঞ্চার মোতায়েন করেছে। সব মিলিয়ে বিদ্রোহীদের অন্তত ৩০টি সামরিক যান সেখানে রয়েছে। লিবিয়ায় উড্ডয়ন-নিষিদ্ধ এলাকা প্রতিষ্ঠা এবং গাদ্দাফির অনুগত বাহিনীর হাত থেকে বেসামরিক মানুষ রক্ষায় 'প্রয়োজনীয় সব পদক্ষেপ' গ্রহণের জাতিসংঘ সিদ্ধান্ত বাস্তবায়নে ১৯ মার্চ লিবিয়ায় হামলা চালায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স। ৩১ মার্চ এ অভিযানের দায়িত্ব নেয় ন্যাটো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৮২৯ঘ.