রোম, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইতালির লামপেডুসা দ্বীপের কাছে ভূ-মধ্যসাগরে বুধবার একটি নৌকাডুবিতে ১৩০ থেকে ২৫০ জন মতো মানুষ নিখোঁজ হয়েছে এবং অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
লিবিয়া থেকে ইতালিতে প্রবেশের চেষ্টা করছিলো তারা। উপকূলরক্ষীরা নৌকাটিতে দুইশ' জনের মতো যাত্রী ছিলো বলে জানিয়েছে।
তবে আন্তর্জাতিক অভিবাসন সংগঠন (আইওএম) যাত্রীর সংখ্যা ৩০০ বলে জানিয়েছে। এর মধ্যে ২৫০ জনের মতো মানুষ নিখোঁজ রয়েছে বলে জানায় তারা।
ইতালির ঊপকূলরক্ষী বাহিনীর কর্মকর্তারা বলেন, বুধবার ভোর ৪টার দিকে লামপেডুসার ৪০ মাইল দক্ষিণে সাগরে নৌকাটি ডুবে যায়। এ পর্যন্ত ৪৭ জনকে উদ্ধার করা হয়েছে।
এছাড়া ১৫ থেকে ২০ টি লাশ পানিতে ভাসতে দেখা গেছে। কিন্তু ঝড়ো বাতাস ও সাগরে তীব্র স্রোতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানান কর্মকর্তারা।
সোমবার জাতিসংঘের শরণার্থী সংস্থা জানায়, লিবিয়া থেকে পালানো ৪শ'রও বেশি মানুষবাহী দুটো নৌকা নিখোঁজ হয়েছে।
এ বছরের শুরু থেকে উত্তর আফ্রিকার কয়েক হাজার অবৈধ অভিবাসী ইতালিতে গেছে। তাদের অধিকাংশই তিউনিসিয়ার ঊপকূল থেকে মাত্র দেড়শ' কিলোমিটার দূরত্বের লামপেডুসা দ্বীপে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৯০৫ ঘ.
bdnews24