খার্তুম, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- সুদানের পররাষ্ট্রমন্ত্রী আলী কারতি বুধবার অভিযোগ করে বলেছেন, ইসরায়েল পোর্ট সুদান নগরীর কাছে একটি গাড়িতে বিমান হামলা চালিয়েছে। এতে গাড়ির দুই আরোহী নিহত হয়।
সুদানের পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ওই বন্দর নগরীর কাছে একটি গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।
রাষ্ট্রের এক সরকারি কর্মকর্তা বলেন, একটি বিদেশি বিমান থেকে এ হামলা হয়েছে। বিমানটি লোহিত সাগরের দিক থেকে উড়ে এসে হামলা চালায়।
পোর্ট সুদানের ১৫ কিলোমিটার দক্ষিণে গাড়িটির ওপর এ হামলা হয়। নিহত দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রাজধানী খার্তুমে সাংবাদিকদের কারতি বলেন, "হামলাটি ইসরায়েল চালিয়েছে বলে আলামত পেয়েছি আমরা। আমরা এ ব্যাপারে পুরোপুরি নিশ্চিত।" এএফপি বার্তা সংস্থা কারতির উদ্ধৃতি দিয়ে একথা জানায়।
তবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ইগাল পামোর এ অভিযোগের ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০০৯ ঘ.
bdnews24