ওয়াশিংটন, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০০৯ সালে যুক্তরাষ্ট্রে কিশোরীদের মধ্যে গর্ভধারণের হার ৭০ বছরের মধ্যে সবচেয়ে কম বলে সর্বসাম্প্রতিক পরিসংখ্যানে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) মঙ্গলবার এ তথ্য জানায়।
সিডিসি'র পরিচালক টমাস ফ্রাইডেন এক বিবৃতিতে বলেন, গত ২০ বছর ধরে কিশোরীদের গর্ভধারণের হার কমিয়ে আনতে আমরা সফল হয়েছি, তবে এখনো অনেক কিশোরীই গর্ভধারণ করছে। কিশোরী গর্ভধারণ রোধ করলে তা পুরো যুক্তরাষ্ট্রের কিশোরীদের এবং তাদের সন্তান ও পরিবারগুলোর জীবনমান উন্নত করবে।
সিডিসি'র পরিসংখ্যান অনুযায়ী, গত দু'দশক ধরে কিশোরীদের মধ্যে গর্ভধারণের হার ৩৭ শতাংশ কমে এসেছে। প্রায় ৪ শতাংশ কিশোরী প্রতি বছর মা হয় যা মোট শিশু জন্মগ্রহণের ১০ শতাংশ।
প্রতিবেদনে আরো বলা হয় যে, অন্যান্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে এ হার প্রায় নয় গুণ।
তবে, হিস্প্যানিক এবং নন-হিস্প্যানিক কৃষ্ণাঙ্গ কিশোরীদের মধ্যে গর্ভধারণের হার বেশি। শ্বেতাঙ্গ কিশোরীদের তুলনায় এদের মধ্যে এই প্রবণতা দুই থেকে তিনগুণ বেশি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/সিআর/১৪১৪ ঘ.
bdnews24