২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে 'সেক্যুলারিটি' অনুষ্ঠানের সমালোচনা

ধর্মনিরপেক্ষ ফ্রান্সে ইসলামধর্মীয় আচার-আচরণ বিষয়ক একটি বিতর্কিত বিষয় নিয়ে ক্ষমতাসীন প্রেসিডেন্ট নিকোলা সারকোজির দল ইউএমপি মঙ্গলবার একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2011, 07:51 AM

Updated : 24 Aug 2022, 02:50 PM

ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্মনিরপেক্ষ ফ্রান্সে ইসলামধর্মীয় আচার-আচরণ বিষয়ক একটি বিতর্কিত বিষয় নিয়ে ক্ষমতাসীন প্রেসিডেন্ট নিকোলা সারকোজির দল ইউএমপি মঙ্গলবার একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। এতে ইসলামি ও অন্যান্য বিভিন্ন ধর্মভিত্তিক গোষ্ঠী এমন কি খোদ সরকারদলীয় কোন কোন নেতা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বলে বিবিসি অনলাইন জানায়। এই আলোচনার অনুষ্ঠানের মাধ্যমে উগ্রডানপন্থিতাকে উসকে দেওয়ার জন্য সরকারি দল ইউএমপি কে অভিযুক্ত করেছে সমালোচকেরা। আলোচনাটি প্যারিসের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠান বর্জন করেন ফ্রান্সের মুসলিম ধর্মীয় নেতারা। আলোচনা অনুষ্ঠানটি নিয়ে ফ্রান্সের বাম ও ডানপন্থী রাজনৈতিক দলগুলোর অভিযোগ-পাল্টা অভিযোগের পরিপ্রেক্ষিতে দেশটির রাজনৈতিক পরিবেশ বিষাক্ত হয়ে উঠেছে বলে জানিয়েছেন বিবিসির প্যারিস প্রতিনিধি। সরকারি হিসাব অনুযায়ী, ফ্রান্সে প্রায় ৬০ লাখ মুসলিম বসবাস করেন। যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ। পশ্চিম ইউরোপে ফ্রান্সেই সবচেয়ে বেশী মুসলিম ধর্মাবলম্বীর বাস। সমালোচনার জবাবে সরকারি দল বলছে, মুসলিমদের সংখ্যাবৃদ্ধিতে ফরাসি সমাজে যে বড় ধরনের পরিবর্তন হচ্ছে তাতে আলোচনা অনুষ্ঠান না করাটাই হতো দায়িত্বহীন কাজ। আলোচনায় ২৬ টি বিষয় উঠে আসে যা ফ্রান্সের ধর্মনিরপেক্ষ চরিত্রকে দুর্বল করছে। ১৯০৫ সালের এক আইনে ফ্রান্সের ধর্মনিরপেক্ষ চরিত্রটি সংরক্ষিত হয়। ওই আলোচনায় অন্তর্ভুক্ত বিষয়গুলো ছিল: ডে কেয়ার কর্মীদের কোন ধরনের ধর্মীয় প্রতীক ব্যবহার নিষিদ্ধ করা। যেমন, মুসলমানদের মাথার স্কার্ফ অথবা খৃস্টিয় ক্রশ। মুসলিম মায়েদের মাথায় স্কার্ফ পরে শিশুদের স্কুলে যাওয়া নিষিদ্ধ করা। অভিভাবকরা শিশুদের জীববিজ্ঞান ও শারীরিক শিক্ষা বিষয়ক বাধ্যতামূলক ক্লাস করা থেকে বিরত রাখতে পারবে না, ইত্যাদি। 'সেক্যুলারিটি' শিরোনামে ওই আলোচনায় উল্লেখযোগ্য সাংবাদিকসহ ২'শ জন অতিথি উপস্থিত ছিলেন। আলোচনায় উপস্থিত ইউএমপির নেতা জ্যঁ ফ্রাঁসোয়া কোপে বলেন, অনেক ফরাসি নাগরিক অনুভব করছে বিশ্বায়ন ও বিভিন্ন জাতি সম্মিলনের ব্যর্থতার ফলে তাদের প্রজাতন্ত্রের নিয়মকানুন বাধার সম্মুখীন হচ্ছে। কোপের এ ধরনের মন্তব্য সত্বেও তার দল ইউএমপির প্রবীণ নেতা ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া ফিলন ওই আলোচনায় অংশ গ্রহণ করতে অপরাগতা জানান। আলোচনার এই উদ্যোগ 'মুসলিমদের কলঙ্কিত' করার ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেন তিনি। আলোচনাকে প্রত্যাখান করে 'বানলিউস রেসপেক্ট' দলের নেতা হাসান বেন বারেক বলেন, প্রেসিডেন্ট নির্বাচনের আগে ইউএমপিকে গণমাধ্যমে ধরে রাখাই এই আলোচনা অনুষ্ঠান করার মূল উদ্দেশ্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৪২ঘ.