২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতা ছাড়তে বাগবোর অস্বীকৃতি

আইভরি কোস্টে জাতিসংঘ ও ফরাসি বাহিনীর সহায়তায় ওয়াত্তারা অনুগত বাহিনী প্রচণ্ড হামলা চালানোর পরও মঙ্গলবার ক্ষমতা থেকে সরে দাঁড়াতে অস্বীকৃতি জানিয়েছেন প্রেসিডেন্ট লরা বাগবো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2011, 05:12 AM

Updated : 24 Aug 2022, 02:50 PM

ঢাকা, এপ্রিল, ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি/আল জাজিরা)- আইভরি কোস্টে জাতিসংঘ ও ফরাসি বাহিনীর সহায়তায় ওয়াত্তারা অনুগত বাহিনী প্রচণ্ড হামলা চালানোর পরও মঙ্গলবার ক্ষমতা থেকে সরে দাঁড়াতে অস্বীকৃতি জানিয়েছেন প্রেসিডেন্ট লরা বাগবো। তবে এরআগে বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, ক্ষমতা ছাড়ার জন্য দেনদরবার শুরু করেছেন বাগবো। এই সংবাদ প্রত্যাখ্যান করে বাগবো বলেন, আইভরি কোস্টের সেনাবাহিনী অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে মাত্র। মঙ্গলবার ফ্রান্সের এলসিআই টেলিভিশনকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে বাগবো বলেন, গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে তিনিই বিজয়ী হয়েছেন বলে মনে করেন। বাগবো আরো বলেন, গত বছরের নির্বাচনে কে বিজয়ী হয়েছে সেই আলোচনা এখনো চলছে। ওয়াত্তারার সঙ্গে মুখোমুখি আলোচনাই দেশে শান্তি ফিরিয়ে আনার একমাত্র পথ মন্তব্য করে বাগবো বলেন, "সেনা বাহিনী অন্যান্য বাহিনীর সঙ্গে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে...এবং এ বিষয়ে এখনো আলোচনা অব্যাহত রয়েছে। কিন্তু রাজনৈতিক পর্যায়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি।" ফ্রান্সের টেলিভিশন চ্যানেলটি জানিয়েছে, বাগবোর বাসভবন থেকে ১৭৩০ জিএমটিতে টেলিফোনে ২০ মিনিটের এই সাক্ষাৎকারটি ধারণ করা হয়েছে। নামপ্রকাশে অনিচ্ছুক জাতিসংঘের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, বাগবো শারীরিকভাবে জাতিসংঘের হেফাজতে নেই কিন্তু ক্ষমতা ছাড়ার ব্যাপারে তার ইচ্ছার কথা জানিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। এরআগে ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া ফিলোঁ বলেছেন, আইভরি কোস্টের দুজন জেনারেল বাগবোর আত্মসমর্পণ নিয়ে আলোচনা করছেন। প্যারিসে পার্লামেন্টের এমপিদের ফিলো বলেন, বাগবোর আত্মসমর্পণের বিষয়টি নিয়ে আমরা দুজন জেনারেলের সঙ্গে কথা বলছি। আলাসানে ওয়াত্তারাকে প্রেসিডেন্ট হিসাবে স্বীকৃতি দেওয়ার শর্তে বাগবোর ক্ষমতা ছাড়া নিয়ে আলোচনা চলছে। এছাড়াও আলোচনা চলছে বাগবোর নিজের এবং আত্মীয়স্বজনদের নিরাপত্তার নিশ্চয়তার বিনিময়ে তার ক্ষমতা ছাড়ার বিষয়টি নিয়ে। বাগবোর এক মুখপাত্র একথা জানিয়েছেন। আলোচকরা বাগবোর ক্ষমতা ছাড়া নিয়ে সমঝোতার দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন বলে জানিয়েছে ফ্রান্স। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী অ্যালে জুপে প্যারিসের ন্যাশনাল এসেম্বলিতে বলেন, "আমরা তাকে ক্ষমতা ছাড়তে রাজি করিয়ে ফেলেছি প্রায়।" আইভরি কোস্টে সেনাঘাঁটির ওপর জাতিসংঘ বাহিনীর হামলার পর আইভরি কোস্টের আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত প্রেসিডেন্ট আলাসানে ওয়াত্তারার অনুগত বাহিনী মঙ্গলবার নতুন করে বাগবোর প্রাসাদে চড়াও হয়। সোমবার জাতিসংঘ ও ফরাসি বাহিনী বাগবোর অনুগত সেনাবাহিনীর বিভিন্ন ঘাঁটি লক্ষ্য হামলা চালানোর পরই বাগবোর প্রেসিডেন্ট প্রাসাদে বড় ধরনের হামলা শুরু করে ওয়াত্তারা বাহিনী। তুমুল লড়াইয়ের মুখে সপরিবারে বাসভবনের বেজমেন্টে আশ্রয় নেন বাগবো। এর কয়েকঘণ্টা পরই বাগবো বাহিনীর পক্ষ থেকে যুদ্ধবিরতি করার কথা জানানো হয়। ওয়াত্তারা বাহিনী ক্ষমতা দখল করে থাকা প্রেসিডেন্ট ল্যঁরা বাগবোর বাসভবন ঘিরে ফেলার দাবি করে। ওদিকে, দুপক্ষের মধ্যে এখন একটি অস্ত্রবিরতি হয়েছে বলে জানান বাগবোর পররাষ্ট্রমন্ত্রী আলসাইদে জেজে। তার আগেই এক খবরে জানানো হয় বাগবো আত্মসমর্পণের জন্য আলোচনা করেছেন। কিন্তু প্যারিসে বাগবোর এক উপদেষ্টা তাৎক্ষণিকভাবে এ খবর অস্বীকার করে জানান, বাগবো তার বাসভবনেই আছেন এবং তিনি আত্মসমর্পণ করবেন না। তবে বাগবোর সেনাপ্রধান জেনারেল ফিলিপ মঙ্গু এএফপি কে জানান, বাগবোর সেনারা ওয়াত্তারা বাহিনীর সঙ্গে লড়াই বন্ধ করেছে। তিনি বলেন, আবিদজানে আমাদের কয়েকটি অবস্থানের ওপর ফরাসি বাহিনীর বোমা হামলার পর আমরা আমাদের পক্ষ থেকে লড়াই বন্ধ করেছি এবং কমান্ডার জেনারেলকে যুদ্ধবিরতি করার অনুরোধ জানিয়েছি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/সিআর/১১১২ ঘ.