ওয়াশিংটন, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলায় জড়িত সন্দেহে আটক খালিদ শেখ মোহাম্মদের বিচার গুয়ানতানামোর সামরিক আদালতে হবে।
নাম প্রকাশ না করে এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেন, অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার সোমবার দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে গুয়ানতানামো বে কারাগারে মোহাম্মদের বিচারের ঘোষণা দেবেন।
প্রেসিডেন্ট বারাক ওবামা মোহাম্মদসহ গুয়ানতানামোয় আটক কয়েকজনের বিচার বেসামরিক আদালতে করার চেষ্টা করে তীব্র বিরোধিতার মুখে ব্যর্থ হন। ৭ মার্চ তিনি গুয়ানতানামোর সামরিক আদালতে বিচারের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেন।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পরিকল্পনায় মোহাম্মদ জড়িত ছিলেন বলে সন্দেহ করা হয়। ২০০৩ সালে পাকিস্তানে আটক হন এই আল কায়েদা নেতা। তখন থেকে কিউবার গুয়নতানামো মার্কিন সেনা ঘাঁটিতে আটক রয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২৩৩১ ঘ.
bdnews24