ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাপানের ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে তেজস্ক্রিয় পানি সাগরে ফেলা হচ্ছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সাড়ে ১১ হাজার টন তেজস্ক্রিয় পানি সাগরে ফেলা হবে। ওই পানিতে সহনীয় মাত্রার একশ' গুণ বেশি তেজস্ক্রিয়া রয়েছে।
কেন্দ্রটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার পর পরমাণু জ্বালানি রডগুলো শীতল করতে সাগর থেকে ওই পানি নিয়ে কেন্দ্রে ছিটানো হয়।
জাপানের মন্ত্রিপরিষদের মুখ্য সচিব ইউকিও এদানো সোমবার বলেন, কিছু পানি সরানো ছাড়া কোনো বিকল্প নেই।
"আমরা ইতোমধ্যেই নিশ্চিত হয়েছি, ২ নম্বর চুল্লির পানি উচ্চ মাত্রার তেজস্ক্রিয়াযুক্ত।"
তিনি বলেন, উচ্চ মাত্রার তেজস্ক্রিয় উপাদান মিশ্রিত পানি সাগরে যাওয়া ঠেকাতে ওই চুল্লির বাইরের ভবনে সংরক্ষিত পানি আমরা সরিয়ে ফেলবো। দুর্ভাগ্যজনকভাবে ওই পানিতেও তেজস্ক্রিয়া আছে। তবে তার মাত্রা এখন নিঃসরণ ঘটা উচ্চ মাত্রার তেজস্ক্রিয় পানির চেয়ে অনেক কম।
জাপানের পরমাণু ও শিল্প নিরাপত্তা সংস্থার (নিসা) হিদেহিকো নিশিয়ামা বলেন, এটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না হওয়ায় এবং বড় ধরনের বিপদ এড়ানোর জন্য ওই পানি সাগরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে এদানো বলেন, ২ নম্বর চুল্লি থেকে তেজস্ক্রিয়া নিঃসরণ বন্ধের জন্য জোর চেষ্টা চালানো হচ্ছে।
২ নম্বর চুল্লির ভূ-গর্ভস্থ কংক্রিটের ধারকে ফাটল ধরে সেখান থেকে তেজস্ক্রিয় পানি সাগরে যাচ্ছে বলে সম্প্রতি নিশ্চিত হয় কর্তৃপক্ষ।
কেন্দ্রটি পরিচালনাকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক কর্পোরেশন (টেপকো) জানায়, ধারকটিতে পলিমার ঢুকিয়ে ওই ফাটল বন্ধ করতে আবারো চেষ্টা চালানো হবে।
তবে সাগরে তেজস্ক্রিয়া যাওয়া বন্ধের জন্য অস্থায়ী ব্যবস্থা হিসেবে ২ নম্বর চুল্লির কাছে পলি দিয়ে বাঁধ নির্মাণের কথা বিবেচনা করছে নিসা।
১১ মার্চ ৮ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প ক্ষতিগ্রস্ত হয় ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি। তখন থেকে কেন্দ্রটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান রোববার বলেন, ফুকুশিমা কেন্দ্রটি 'কিছু মাত্রায় স্থিতিশীল' হলেও সেখান থেকে তেজস্ক্রিয়া নিঃসরণ বন্ধ করতে কয়েক মাস লেগে যেতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এএমটি/২০৩৮ ঘ.
bdnews24