নাজামিনা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির পক্ষে চাদের নাগরিকেরা ভাড়াটে সেনা হিসেবে কাজ করছে- এই অভিযোগে বিদ্রোহীদের হাতে চাদের কয়েকডজন নাগরিক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
রোববার লিবিয়ার সীমান্তবর্তী মধ্য আফ্রিকার দেশ চাদের পক্ষ থেকে তাদের নাগরিকদের রক্ষা করার জন্য পশ্চিমা যৌথবাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।
ফেব্র"য়ারিতে গাদ্দাফিবিরোধী বিক্ষোভ চরমে উঠে যাওয়ার সময়েই বিদ্রোহীরা অভিযোগ করেছিল, বিক্ষোভ দমনে লিবীয় সেনাদের ব্যর্থতার মুখে গাদ্দাফি চাদ ও জিম্বাবুয়ে থেকে ভাড়াটে সেনা নিয়ে এসেছেন।
চাদ সরকারের মুখপাত্র কালজুবেত ফাহিমি এক বিবৃতিতে জানিয়েছেন, লিবীয় সংকটের শুরু থেকেই বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশে বসবাসরত চাদের নাগরিকদের অভিযুক্ত করা হচ্ছে এবং এ জন্য চাদের কয়েক ডজন নাগরিককে চরম পরিণতি বরণ করতে হয়েছে।
বিবৃতিতে বলা হয়, চাদের অনেক নাগরিককে লিবীয় বিদ্রোহীরা গ্রেপ্তার করেছে যার মধ্যে অনেককেই আটককৃত ভাড়াটে সেনা হিসেবে টিভিতে দেখানো হয়।
যদিও চাদ কোন ভাড়াটে সেনা পাঠানোর ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছিল বলে জানান ফাহিমি।
গৃহযুদ্ধ শুরুর আগে লিবিয়ায় চাদের ৩ লাখ নাগরিক ছিল বলে জানানো হয়।
বিবৃতিতে আরো বলা হয়, "চাদ সরকার লিবিয়ায় বসবাসরত চাদসহ অন্যান্য আফ্রিকান নাগরিকদের প্রাণরক্ষার জন্য পশ্চিমা যৌথবাহিনী ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩২৪ ঘ.
bdnews24