২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে হামলার নিন্দায় জাতিসংঘ

আফগানিস্তানে হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ, শুক্রবারের ওই সহিংসতায় ১২ জন নিহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2011, 07:31 AM

Updated : 24 Aug 2022, 02:48 PM

মাজার-ই-শরিফ (আফগানিস্তান), এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ, শুক্রবারের ওই সহিংসতায় ১২ জন নিহত হয়। জাতিসংঘ মহাসচিব বান কি মুন ওই হামলাকে 'নির্মম ও কাপুরুষোচিত' উল্লেখ করে বলেন, কোনো যুক্তিতেই এ হামলা মেনে নেওয়া যায় না। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক যাজকের বিরুদ্ধে কুরআন পোড়ানোর অভিযোগ তুলে তার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর সশস্ত্র আফগানরা আফগানিস্তানে জাতিসংঘ মিশনের (ইউএনএএমএ) অপারেশন সেন্টারে হামলা চালায়। জাতিসংঘ মহাসচিব এক বিবৃতিতে বলেন, হামলায় নিহতরা আফগানিস্তানে শান্তি আনা এবং আফগান জনগণের জীবনমান উন্নয়নের জন্য কাজ করছিলেন। এসব সাহসী নারী-পুরুষ যুক্তরাষ্ট্রের সর্বোৎকৃষ্ট ঐতিহ্যে কাজ করছিলেন এবং তারা মানবতার জন্য জীবন উৎসর্গ করেছেন। জাতিসংঘ মহাসচিবের পাশাপাশি নিরাপত্তা পরিষদও এক বিবৃতিতে এ হামলার নিন্দা জানায়। হামলার পরপর পরিষদের ১৫টি সদস্য দেশ জরুরি বৈঠকে বসে। এরপর এক বিবৃতিতে নিরাপত্তা পরিষদ জাতিসংঘের কর্মী ও স্থাপনা রক্ষায় 'সম্ভাব্য সব পদক্ষেপ' গ্রহণ এবং হামলাকারীদের বিচারের কাঠগড়ায় আনতে আফগান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায়। ইউএনএএমএ'র মুখপাত্র ড্যান ম্যাক নর্টন জানান, হামলার পরও জাতিসংঘ মিশন তার কাজ চালিয়ে যাবে। তিনি বলেন, "আফগান জনগনকে সমর্থন করতে ও তাদের উন্নত জীবনযাত্রা নিশ্চিত করতে আমরা এখনও অঙ্গীকারাবদ্ধ। আমরা শান্তির জন্য অঙ্গীকারাবদ্ধ।" হামলার ঘটনা তদন্ত ও পরিস্থিতি পর্যালোচনাকারী দলের নেতৃত্ব দিতে জাতিসংঘ মহাসচিবের আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি ও ইউএনএএমএ প্রধান স্তেফান দো মিস্তুরা মাজার-ই-শরিফে পৌঁছেছেন। মহাসচিবের চিফ অফ স্টাফ বিজয় নামবিয়ার এবং সহকারী সচিব গ্রেগরি স্টারসহ জাতিসংঘ সদরদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি দলও আফগানিস্তানের পথে রওনা হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষী মিশন প্রধান অ্যালেন লে রয় সাংবাদিকদের জানান, গত মাসে যুক্তরাষ্ট্রের অখ্যাত এক যাজকের কথিত কুরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষুব্ধ মিছিলকারীরা এ হামলা চালায়। মিছিলকারীদের অনেকেই অস্ত্র বহন করছিলো বলেও জানান তিনি। নিহতদের মধ্যে জাতিসংঘের তিন জন আন্তর্জাতিক কর্মী, চার জন গুর্খা নিরাপত্তা রক্ষী ও বেশ কয়েকজন আফগান বিক্ষোভকারী রয়েছে বলে ইউএনএএমএ জানিয়েছে। এছাড়া মাজার-ই-শরিফে অবস্থিত ইউএনএএমএ'র কার্যালয়ের প্রধানসহ জাতিসংঘের অনেক কর্মী আহত হয়েছেন। আহতদের মাজার-ই-শরিফ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এমআই/১৩৩০ ঘ.