আবিদজান, এপ্রিল, ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- আইভরি কোস্টে আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত প্রেসিডেন্ট আলাসানে ওয়াত্তারা এবং ল্যঁরা বাগবোর সমর্থকদের মধ্যে তুমুল লড়াই চলছে।
বাগবোর বাসভবনে শুক্রবার ওয়াত্তারাপন্থি বাহিনীর হামলার পর আবিদজান জুড়ে ছড়িয়ে পড়েছে লড়াই।
সবচেয়ে বেশি লড়াই চলছে রাষ্ট্রীয় টেলিভশনের দখল নিয়ে। বাগবো শিবির সকালেই টেলিভিশন স্টেশনটি পুনর্দখল করে নেওয়ার দাবি করেছে।
বাগবোর বাসভবন এবং কার্যালয়ের কাছে উভয়পক্ষের মধ্যে প্রচণ্ড গুলি বিনিময় চলছে। দুই জায়গাতেই ওয়াত্তারা বাহিনী হামলা করেছে। এছাড়াও প্রধান দুটো সামরিক ঘাঁটিতেও হামলা করেছে ওয়াত্তারা সমর্থকরা।
সংঘর্ষের কারণে আবিদজানের ফরাসি ঘাঁটিতে আশ্রয় নিয়েছে ৫০০ বিদেশি নাগরিক। বাগবোর অবস্থান সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি।
তবে আগের খবরে ওয়াত্তারার মুখপাত্র প্যাট্রিক আচি রয়টার্সকে বলেন, তিনি নিশ্চিত যে বাগবো বাড়িতেই আছেন। অন্য কোথাও যাননি।
বাড়িতে হামলা হওয়ার পরও বাগবো হাল ছেড়ে দেওয়ার কোনো লক্ষণ দেখাননি বলেও জানান আচি। ওদিকে, বাগবো শিবিরের এক সেনা সূত্র জানায়, বাগবোর দেহরক্ষীরা প্রতিরোধ লড়াই চালিয়ে যাচ্ছে।
বাগবোর বাড়িতে হামলার আগে ওয়াত্তারাপন্থি বাহিনী গত কয়েকদিনে বন্দর নগরী সান পেদ্রোসহ ইয়ামুসুকরো, দালোয়া এবং দুয়েকৌয়ে শহর দখল করে।
২০০২ সালের গৃহযুদ্ধের সময় থেকে আইভরি কোস্টের উত্তরাঞ্চল ওয়াত্তারাপন্থি যোদ্ধাদের দখলে রয়েছে।
স
bdnews24