মুম্বাই, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গৃহ পরিচারিকাকে ধর্ষণের দায়ে বলিউডের অভিনেতা সাইনি আহুজার ৭ বছর সশ্রম কারাদণ্ড হয়েছে।
বুধবার মুম্বাইয়ের এক আদালত তাকে দোষী সাব্যস্ত করে এই সাজা ঘোষণা করে।
তার বিরুদ্ধে গৃহপরিচারিকাকে ধর্ষণ, ঘরে আটকে রাখা ও ভয় দেখানোর অভিযোগ আনা হয়।
৩৭ বছর বয়সী আহুজা তার প্রথম ছবি 'হাজারো খোয়াইশে অ্যাইসি' তে অভিনয়ের জন্য 'শ্রেষ্ঠ নবাগত অভিনেতা'র পুরস্কার জয় করেন।
সাজা ঘোষণার আগে আহুজা 'দ্য অ্যাকসিডেন্ট' ছবিটির দৃশ্যায়ণ শেষ করেন। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
ব্যক্তিগত জীবনে বিবাহিত আহুজার একটি কন্যাসন্তান রয়েছে।
ভারতে কোনো চলচ্চিত্র তারকার সাজা হওয়া একটি বিরল ব্যাপার।
এর আগে ২০০৭ সালে ভারতের কঠোর সন্ত্রাসবিরোধী আইনে অভিনেতা সঞ্জয় দত্তকে কারাগারে পাঠানো হয়েছিল।
এছাড়াও ২০০৬ সালে বিরলপ্রজাতির হরিণ শিকারের অভিযোগে অভিনেতা সালমান খান দোষী সাব্যস্ত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৫২ ঘ.
bdnews24