২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফুকুশিমার কাছে সাগরের পানিতে তেজস্ক্রিয়তা বেড়েছে

জাপানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা দাইচি পরমাণু শক্তিকেন্দ্রের কাছে সাগরের পানিতে তেজস্ক্রিয়তার মাত্রা আগের চেয়ে অনেক বেড়েছে। জাপানের কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2011, 10:14 AM

Updated : 24 Aug 2022, 02:47 PM

টোকিও, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--জাপানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা দাইচি পরমাণু শক্তিকেন্দ্রের কাছে সাগরের পানিতে তেজস্ক্রিয়তার মাত্রা আগের চেয়ে অনেক বেড়েছে। জাপানের কর্মকর্তারা একথা জানিয়েছেন। নতুন হিসাবে সাগরের একটি অংশে অনুমোদিত মাত্রার ৩,৩৫৫গুণ বেশী তেজস্ক্রিয় আয়োডিন ধরা পড়েছে। আগে এর মাত্রা ছিল অনুমোদিত মাত্রার ১,৮৫০গুণ বেশী। ফুকুশিমা কেন্দ্রের ১নম্বর পরমাণু চুল্লির কাছে সাগরের পানিতে এই মাত্রা শনাক্ত হয়েছে। চুল্লিটি সাগর তীর থেকে ৩০০মিটার দূরে অবস্থিত। কেন্দ্রটি থেকে ১৬ কিলোমিটার দূরে সাগরের পানিতে কেন্দ্র সংলগ্ন অংশ থেকে কম মাত্রার, কিন্তু অনুমোদিত মাত্রা থেকে বেশী মাত্রার একই ধরনের তেজস্ক্রিয় আয়োডিন পাওয়া গেছে। বিবিসির টোকিও প্রতিনিধি মার্ক ওর্থিংটন বলেছেন, এতদূরে তেজস্ক্রিয়া ছড়ানোয় এটি স্পষ্ট যে ক্ষতিগ্রস্ত কেন্দ্র থেকে উচ্চমাত্রার তেজস্ক্রিয় উপাদান সাগরের পানিতে মিশছে। টেপকো এরং পরমাণু নিরাপত্তা সংস্থা বলেছে, তেজস্ক্রিয় উপাদান কিভাবে বাইরে বেরোচ্ছে তা তারা জানেন না। তবে, উচ্চমাত্রার এ তেজস্ক্রিয়ার প্রভাব নিয়ে উদ্বিগ্ন হওয়ার তেমন কারণ নেই বলে জানিয়েছে জাপানের পরমাণু নিরাপত্তা সংস্থা। তারা জানায়, লোকজন ইতোমধ্যেই এলাকা ছেড়ে চলে গেছে এবং সাগরে মাছ ধরাও বন্ধ রয়েছে। তবে এরই মধ্যে তেজস্ক্রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে গেছেন পরমাণু শক্তি কেন্দ্রটির পরিচালনাকারী প্রতিষ্ঠান টেপকোর প্রেসিডেন্ট মাসাতাকা সিমিজু । তিনি উচ্চ রক্তচাপ এবং মাথা ঘোরার সমস্যায় ভূগছেন বলে জানিয়েছেন টেপকোর এক মুখপত্র। ১১মার্চ শক্তিশালী ভূমিকম্প ও ভয়াবহ সুনামিতে ফুকুশিমা প্রকল্পটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে সিমিজু জনসম্মুখে খুব কমই এসেছেন। টেপকোর প্রকৌশলীরা পরমাণু শক্তি কেন্দ্রটির বিদ্যুৎ সরবরাহ ও শীতলীকরণ ব্যবস্থা পুনরায় চালু করতে প্রাণপন লড়াই করে যাচ্ছেন। স্বচ্ছতার অভাব এবং দ্রুত তথ্য সরবরাহে ব্যর্থতার দায়ে টেপকোকে অভিযুক্ত করা হচ্ছে। গত সপ্তাহ শেষে তেজস্ক্রিয়তার মাত্রা নিয়ে ভুল তথ্য পরিবেশনের কারণে টেপকো দারুণভাবে সমালোচিত হয়েছে। বুধবার জাপানের স্থানীয় সময় বিকাল ৩টায় (দুপুর ১২টা, বিডি) টেপকোর এক সংবাদ সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে। সর্বশেষ তথ্যে জানা গেছে, বুধবার পরমাণু শক্তি কেন্দ্রগুলোর জন্য নিরাপত্তা ব্যবস্থা আরো বাড়িয়েছে জাপান। ভূমিকম্প ও সুনামির সময় কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা যে পর্যাপ্ত ছিল না তা এর মধ্য দিয়েই প্রতীয়মান হলো । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬১১ ঘ.