দামেস্ক, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সিরিয়ার মন্ত্রিসভা মঙ্গলবার পদত্যাগ করেছে। দেশজুড়ে দু'সপ্তাহের বিক্ষোভের পর মন্ত্রিসভা পদত্যাগ করলো।
প্রেসিডেন্ট বাশার আল আসাদ মঙ্গলবার এক বৈঠকের পর মন্ত্রিসভার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন।
আসাদ আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এ ভাষণে তিনি জরুরি আইন বাতিলের ঘোষণা দেবেন বলে মনে করা হচ্ছে।
সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় নগরী দেরায় সোমবার শ' শ' বিক্ষোভকারী জরুরি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।
বিক্ষোভকারীরা দেরার মূল চত্বরে জড়ো হয়ে "জরুরি আইন বন্ধ করো", "মর্যাদা চাই, মুক্তি চাই" দাবিতে স্লোগান দেয়।
নিরাপত্তা বাহিনীর প্রতিরোধের মুখেও তারা বিক্ষোভ চালিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯১৮ ঘ.
bdnews24