২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ার বিদ্রোহীদের স্বীকৃতি দিলো কাতার

লিবিয়ার জনগণের বৈধ প্রতিনিধি হিসাবে বিদ্রোহীদের স্বীকৃতি দিয়েছে কাতার। আরব দেশগুলোর মধ্যে কাতারই প্রথম এ স্বীকৃতি দিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2011, 12:26 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

দোহা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---লিবিয়ার জনগণের বৈধ প্রতিনিধি হিসাবে বিদ্রোহীদের স্বীকৃতি দিয়েছে কাতার। আরব দেশগুলোর মধ্যে কাতারই প্রথম এ স্বীকৃতি দিলো। কাতারের পররাষ্ট্রমন্ত্রণালয় সোমবার এক লিখিত কূটনৈতিক বার্তায় জানিয়েছে, লিবিয়ার বিদ্রোহী পরিষদ (লিবিয়ান ন্যাশনাল কাউন্সিল) সত্যিকার অর্থেই লিবিয়া ও এর জনগণের প্রতিনিধি হয়ে দাঁড়িয়েছে- এ বিশ্বাস থেকেই তাদের স্বীকৃতি দেওয়া হয়েছে। কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছে, বিদ্রোহী পরিষদে লিবিয়ার বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিরা রয়েছে এবং দেশে তাদের জনসমর্থন আছে। ওপেক এর এক সূত্র জানিয়েছেন, কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি লিবিয়ার বিদ্রোহীদের সঙ্গে তেলচুক্তি করার পাশাপাশি তাদেরকে স্বীকৃতি দেওয়ার এ উদ্যোগ নেন। তেল নিয়ে চুক্তি হওয়ার পরদিনই কাতার বিদ্রোহী পরিষদকে স্বীকৃতি দিয়েছে বলে জানিয়েছেন লিবিয়ার উচ্চপদস্থ এক বিদ্রোহী কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৪১ ঘ.